রাজধানীর কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুরে নুর হোসেন (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পরিবারের লোকজন। নুর হোসেন পেশায় প্লাস্টিক ব্যবসায়ী।
তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল শনিবার সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে নুর হোসেন তার স্ত্রী মিলন আক্তারকে মারধর করে গলা চেপে ধরেন। এতে তার স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলেন। স্ত্রী জ্ঞান হারানোর পর ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন।
মিলন আক্তার জানান, জ্ঞান ফিরে স্বামীকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে চিত্কার শুরু করেন। পরে তিনি ও তার ছেলে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক এ এস আই আব্দুল খান জানান, নুর হোসেনের স্ত্রী দাবি করেন তার স্বামী আত্মহত্যা করেছে।
