জোকস

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ১৯:৫৯
চায়ের দোকানে বসে এক চাপাবাজ বেশ অনেকক্ষণ ধরে রীতিমতো লোক জমিয়ে তার মাছ শিকারের গল্প করছে। একটা একটা করে নতুন লোক আসে আর লোকটিও দ্বিগুণ উত্সাহে নানা কায়দায় তার গল্প ফেঁদে বসে। বিষয়টা দীর্ঘক্ষণ ধরে শুনতে শুনতে অবশেষে চায়ের দোকানদার আর সহ্য করতে পারলেন না। লোকজন একটু কমার পর বেশ কড়া করেই তিনি জানতে চাইলেন, ‘আপনি পারেনও মশাই। সেই কখন থেকে আপনার গল্প শুনছি। এক মাছের কথা বলতে যেয়ে কাউকে বলছেন মাছটা দুই হাত বড় ছিল, কাউকে বলছেন আড়াই হাত আবার কাউকে বলছেন তিন হাত বড়। তা আপনার গল্পের মাছ কী একটু একটু করে বড়-ছোট হয় নাকি?’ ‘কী আর করব বলুন, সবার বিশ্বাস করার ক্ষমতা আর বুদ্ধি তো একরকম হয় না। তাই লোক বুঝে গল্পের মাছ পাল্টাতে হয়।’ - উত্তরে জানালো চাপাবাজ লোকটি। ক্রেতা :আশ্চর্য! আপনার এখান থেকে টেবিল কেনার পর সেটা তিনদিনও চলল না। বিক্রেতা :আমি কি আপনাকে বলেছিলাম যে টেবিল চালানো যায়। আরে মশাই, এটা তো গাড়ি না যে চলবে! সরকার সাহেবের বাড়িতে বেশ অনেকদিন থেকেই রহস্যজনক রকমের কম বিদ্যুত্ বিল আসছে। নানা দিক খুঁজেও রহস্যের কোনো কিনারা করতে পারছিল না স্থানীয় মিটার রিডার। অবশেষে একদিন না পারতে সে বলেই উঠল, ‘কি ব্যাপার ভাই, বাড়ির লাইট-ফ্যান সব নষ্ট না কি? কখনো চালিয়ে দেখেছেন বলে তো মনে হয় না!’ ‘না না তা হবে কেন, আমি রোজ রাতে নিয়ম করে একবার বাতি আর ফ্যানটা চালিয়ে দেখি সেগুলো চলছে কি না। তারপর সেগুলো নিভিয়ে ঘুমাতে যাই।’ জানালেন সরকার সাহেব।