তুরস্কে ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২০:২০
সিরিয়া সীমান্তের কাছে তুরস্কে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো। সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি স্কুলে বোমা হামলায় ২৮ শিক্ষার্থীসহ ২৯ জন নিহত হয়েছে। এদিকে, সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিহাদ আল-মাকদিসি দেশ ছেড়ে পালিয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে। সিরিয়া সীমান্তের কাছে তুরস্কে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গত মঙ্গলবার ন্যাটোর অন্তর্ভুক্ত দেশগুলোর পররাষ্ট্র-মন্ত্রীদের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ন্যাটোর সদস্যরাষ্ট্র ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধী তুরস্কের দাবির প্রেক্ষিতে এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হচ্ছে। ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের ঐ বৈঠকে সিরিয়ায় আসাদ সরকারের রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে হুঁশিয়ারিও দেয়া হয়েছে। তবে ন্যাটোর ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্তের সমালোচনা করে রাশিয়া বলেছে, এই ঘটনা ঐ অঞ্চলে উত্তেজনা আরো বাড়িয়ে দিবে। সিরিয়ার রাজধানী দামেস্কের বাইরে একটি স্কুলে মর্টার হামলায় মঙ্গলবার এক শিক্ষক এবং ২৮ জন শিক্ষার্থীসহ কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানার খবরে বলা হয়, দামেস্কের ৫ কিলোমিটার উত্তর-পূর্বে আল ওয়াফিদিন এলাকার আল -বিতিহা স্কুলে বিদ্রোহীদের মর্টার আঘাত হানলে এ ঘটনা ঘটে। তবে এই হতাহতের জন্য বিদ্রোহীরা সরকারি বাহিনীকে দায়ী করেছে। সিরিয়ার কুনেত্রার শিক্ষা বিভাগের পরিচালক হাসান মোহসিন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপিকে বলেন, ‘এটি শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা।’ এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মুখপাত্র হিসেবে পরিচিত জিহাদ আল-মাকদিসি দেশ ছেড়ে পালিয়েছেন। লেবাননের টেলিভিশন চ্যানেল আল-মানার সিরিয়ার সরকারের বরাত দিয়ে জানায়, সরকারের অবস্থানবিরোধী কিছু বিবৃতি দেয়ায় মাকদিসিকে বরখাস্ত করা হয়েছে। তবে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে এ বিষয়ে কোনোকিছু জানানো হয়নি। লন্ডনে সিরিয়ার দূতাবাসে কর্মরত চল্লিশোর্ধ মাকদিসি আসাদবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে কাজ করার জন্য গতবছর দেশে ফিরে আসেন। প্রেসিডেন্ট আসাদের পক্ষ নেয়া সিরিয়ার সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের একজন তিনি। ১০ বছর ধরে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করছেন তিনি। আল -আরাবিয়া টেলিভিশন জানিয়েছে, মাকদিসি বৈরুত হয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করেছেন এবং সেখানেই তিনি অবস্থান করবেন।