মার্কিন ড্রোন আটক করেছে ইরান

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২০:২২
ইরানের আকাশসীমার ভেতরে আরব উপসাগর এলাকায় মার্কিন একটি ড্রোন আটক করেছে সে দেশের সেনাবাহিনী। ইরানের রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্ক্যানইগল নামের ওই ড্রোনটি তুলনামূলকভাবে ছোট ও কম উন্নত। বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে ইরানের রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাবির অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই ড্রোনটি আরব উপসাগর এলাকায় ইরান সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করছিল। তিনি আরও বলেন, এ ধরনের ড্রোন সাধারণত বড় ধরনের যুদ্ধজাহাজ থেকে পাঠানো হয়। যুক্তরাষ্ট্র বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে। ওই ড্রোনটি চার ফুট লম্বা, আর এটির পাখার দৈর্ঘ্য ১০ ফুট। ড্রোনটি বোয়িং কোম্পানির ইনসিটুর তৈরি। এটি তৈরিতে খরচ কম পড়ে। গত মাসে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছিল, তাদের একটি গোয়েন্দা ড্রোন ইরান ভূপাতিত করেছে। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল, ড্রোনটি ইরানের আকাশসীমায় প্রবেশ করায় এটিকে ভূপাতিত করা হয়।