‘উড়লে আকাশে প্রজাপতি প্রকৃতি পায় নতুন গতি’ এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বারের মত আয়োজিত হতে যাচ্ছে ‘প্রজাপতি মেলা-২০১২’। আগামী শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে অনুষ্ঠিত হবে মেলা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন। দিনব্যাপী এ মেলায় থাকছে শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন, প্রজাপতি আদলের ঘুড়ি উড্ডয়ন, প্রজাপতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী এবং পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি থাকবেন ইউরোপীয় ইউনিয়নের এ্যম্বাস্যাডর উইলিয়াম হান্না, আইইউসিএন-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ইশতিয়াক উদ্দিন আহম্মেদ এবং প্রকৃতি বিশারদ অধ্যাপক দ্বিজেন শর্মা। এছাড়া প্রাণিবিদ্যা বিষয়ক গবেষণায় সার্বিক অবদানের জন্য এবারের প্রজাপতি মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মোঃ হুমায়ুন কবিরকে আজীবন সম্মাননা প্রদান করা হবে। এছাড়াও মেলায় শিশুদের জন্য বাংলা বিভাগের অধ্যাপক কবি খালেদ হোসাইনের রচিত বই ‘ছন্দে ছড়ায় প্রজাপতি’র মোড়ক উন্মোচন করা হবে।
