সপ্তম এশিয়া-২১ ইয়ং লিডারস সামিট কাল সাভারে শুরু

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২২:৩৩
এশীয় প্যাসিফিক দেশসমূহের শতাধিক তরুণ নেতৃত্ব এ অঞ্চলের চ্যালেঞ্জ ও সমস্যা চিহ্নিতকরণ ও তা সমাধানের লক্ষ্যে মিলিত হতে যাচ্ছেন। এশিয়া সোসাইটির আয়োজনে আগামীকাল শুক্রবার সাভারের ব্র্যাক সেন্টারে শুরু হচ্ছে দু’দিনের এই ‘সপ্তম এশিয়া-২১ ইয়ং লিডারস সামিট’। এশিয়া সোসাইটি, ঢাকা আয়োজিত এ সম্মেলনে ২০টি দেশের শতাধিক সম্ভাবনাময় তরুণ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ডা. শিরীন শারমীন চৌধুরী এবং ব্র্যাকের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ। ইয়ং লিডারস সামিট উপলক্ষে গতকাল জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিকুল ইসলাম, বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এজাজ আহমেদ, ব্র্যাকের কমিউনিকেশন এবং ক্যাপাসিটি ডিভিশনের সিনিয়র পরিচালক আসিফ সালেহ, সিঙ্গাপুরের হ্যালেজেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মার্টিন টেন ও পার্বত্য চট্টগ্রাম কমিশনের সমন্বয়ক হানা শামস আহমেদ। সম্মেলনে জানানো হয়, ২০২০ সালের এশিয়া ২১ এর প্রতিপাদ্য ‘ক্যাটালাইজিং চেঞ্জ, সাসটেইনিং ইমপ্যাক্ট’ কে সামনে রেখে অংশগ্রহণকারী তরুণ নেতৃবৃন্দ বৈশ্বিক প্রেক্ষাপটে এশিয়ার মানুষের জীবনযাত্রা উন্নয়ন ও সুন্দর পৃথিবী প্রতিষ্ঠার লক্ষ্যে লক্ষ্য নির্ধারণ করবেন। বক্তারা বলেন, বাংলাদেশের তরুণ নেতৃত্বের জন্য এটি একটি খুব বড় সুযোগ যে তারা এশিয়ার অন্যান্য তরুণদের সঙ্গে সামগ্রিক কার্মকাণ্ডে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন। সেই সঙ্গে সমস্যা সমাধানে আলোচনা ও মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হচ্ছে।