মোহাম্মদপুরে গার্মেন্টসে আগুন আতঙ্ক, পদপিষ্ট হয়ে ১ জনের মৃত্যু

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২২:৩৪
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের কাছে একটি গার্মেন্টস কারখানায় আগুন আতংকে নামতে গিয়ে পদদলিত হয়ে মর্জিনা বেগম নামে এক নারী শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আর অর্ধশত শ্রমিক। গতকাল বুধবার বিকালে ঢাকা উদ্যানে এপিআরএল, একেএইচ ও নফস গার্মেন্টেসে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ ও ১০ জনকে সিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শ্রমিকরা জানায়, ঢাকা উদ্যানে একটি ছয় তলা ভবনের নীচ তলায় নফস গার্মেন্টস, চতুর্থ তলায় এপিআরএল গার্মেন্টস ও ৬ষ্ঠ তলায় একেএইচ গার্মেন্টস অবস্থিত। এই তিনটি গার্মেন্টস একই মালিকানায় পরিচালিত। বিকাল সাড়ে ৩টার দিকে গার্মেন্টসের ৬ষ্ঠ তলায় শ্রমিকরা ‘আগুন আগুন’ বলে চিত্কার করে ওঠে। এতে ঐ ভবনের ৩টি গার্মেন্টেসে কর্মরত শ্রমিকদের মধ্যে আগুন আতংক ছড়িয়ে পড়ে। ভবনের প্রতিটি ফ্লোরের প্রধান গেট ছাড়াও জরুরী অবতরণের গেট খুলে দেয়া হয়। ঐ ভবনে ৩টি গার্মেন্টসে প্রায় ৮শ’ শ্রমিক কর্মরত ছিলেন। আগুন আতংক ছড়িয়ে পড়ার পর শ্রমিকরা হুড়োহুড়ি করে নামতে থাকেন। এসময় অনেক শ্রমিক সিঁড়িতে ধাক্কাধাক্কিতে পড়ে যান। অনেক শ্রমিক পদদলিত হন। প্রায় ৫ মিনিটের মধ্যে ৩টি গার্মেন্টস থেকে সকল শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী বেরিয়ে পড়েন। এসময় পদদলিত হয়ে মর্জিনা বেগম, উজ্জল, শিউলি বেগম, শাহেদা, শবনম, বিলকিস, আখতার, বানুসহ অর্ধশত আহত হয়। আহতদের মধ্যে ১০ জনকে সিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা মর্জিনা বেগমকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, উজ্জল ও শিউলি বেগমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইমাম হোসেন জানান, আগুন আতংকে পদদলিত হয়ে এক শ্রমিক মারা গেছে। তবে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।