হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থাপনায় চরম অব্যবস্থার সৃষ্টি হয়েছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি, অবকাঠামো ও জনবলের অভাবে বিদেশ থেকে আসা বিভিন্ন এয়ারলাইন্সের যাত্রীদের এ বিমানবন্দরে পৌঁছানোর পর ব্যাগেজ পেতে বিড়াম্বনা আগের তুলানায় এখন আরো বেড়েছে।
রানওয়ের সংস্কার কাজের জন্য এ বিমানবন্দরে রাতে সকল ফ্লাইটের উঠানামা বন্ধ রয়েছে। দিনে সব ফ্লাইট উঠানামার কারণে গ্রাউন্ড হ্যান্ডলিংসহ অন্যান্য কাজে একেবারে হ-য-ব-র-ল অবস্থা তৈরি হয়েছে। দিনের বেলা একসাথে বেশ কয়েকটি ফ্লাইট অবতরণ এবং টেক-অফের কারণে গ্রাউন্ড হ্যান্ডলিং-এর দায়িত্বে নিয়োজিতদের গলদঘর্ম অবস্থা। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে বিভিন্ন দেশ থেকে আসা উড়োজাহাজকে ব্যাগেজ নামানোর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে যৌথভাবে পরিচালনার জন্য বিদেশি একটি বহুজাতিক কোম্পানির প্রস্তাব সাত বছর যাবত্ ঝুলে আছে। ওই কোম্পানি বিমানের সাথে যৌথ কোম্পানি গঠনের প্রস্তাব দেয়। এ নিয়ে বেশ অগ্রগতিও হয়েছিলো। কিন্তু বিমানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এ নিয়ে অসন্তোষ দেখা দেয়ায় বর্তমান সরকারের মেয়াদের শেষ বছরে এসে এ প্রক্রিয়া থেকে পিছিয়ে যায়।
গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ২০০৬ সালে উদ্যোগ নেয়। এ ব্যাপারে একটি আন্তর্জাতিক দরপত্রও আহবান করা হয়। এসময় ওই কোম্পানি গ্রাউন্ড হ্যান্ডলিং কাজ পরিচালনার প্রস্তাব দেয়।
বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেসব যন্ত্রপাতি দিয়ে গ্রাউন্ড হ্যান্ডলিং করা হয় সেগুলো অনেক পুরোনো। কিছু যন্ত্রপাতি একেবারে বসে গেছে। বিমান এ খাত থেকে বছরে তিনশ কোটি টাকা আয় করলেও যন্ত্রপাতি আধুনিকীকরণের ব্যবস্থা নেয়নি। উড়োজাহাজের ব্যাগেজ কম্পার্টমেন্ট থেকে যাত্রীদের মালামাল টার্মিনাল ভবনের ডেলিভারি পয়েন্টে আনার জন্য যে ট্রাক্টর ব্যবহার করা হয় সেগুলোর অর্ধেকেই দীর্ঘদিন যাবত্ অচল পড়ে আছে। এসব মেরামত বাবদ বিমানকে প্রতিবছর বিপুল অংকের অর্থ ব্যয় করতে হচ্ছে।
ঢাকায় আসা যাত্রীদের ব্যাগেজ ডেলিভারির জন্য এই বিমানবন্দরে আটটি কনভেয়ার বেল্ট রয়েছে। উড়োজাহাজ থেকে কন্টেইনার কিংবা ট্রলিতে করে ব্যাগেজ এনে কনভেয়ার বেল্টে দেয়ার জন্য ডেলিভারি পয়েন্টে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। ফলে কনভেয়ার বেল্টে দ্রুত ব্যাগেজ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। আর দীর্ঘ যাত্রা শেষে ব্যাগেজ পেতে যাত্রীদের অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে।
