যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে গতিশীল করতে এবং ঋণের বোঝা কমাতে ধনীদের ওপর কর বাড়ানোর ওপর আবারো জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এজন্য তিনি একটি মামলা পুনরায় চালু করে কর বৃদ্ধি সংক্রান্ত জটিলতা দূর করার ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার একটি ব্যবসায়ী দলের সঙ্গে বৈঠকে তিনি এ ঘোষণা দেন। এজন্য ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন তিনি। হোয়াইট হাউস সূত্রে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্সের।
এ বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার প্রচারণায় কর বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছিল। এজন্য তাকে বিরোধী রিপাবলিকানদের ব্যাপক সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল। বৈঠকে উপস্থিত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, দেশের অর্থনীতিতে তথা ব্যবসা-বাণিজ্যে অতিরিক্ত এই ঋণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে নাগরিকদের কাছে তুলে ধরার বিষয়ে জোর দেবেন প্রেসিডেন্ট। সমস্যা সমাধানে তিনি সকল ব্যবসায়ীদের এগিয়ে আসারও আহ্বান জানাবেন। ওবামা বলেছেন, আমেরিকার মধ্যবিত্তরা চায় না অর্থ বছরের শেষে আবার তাদের ওপর নতুন করে করের বোঝা চাপানো হোক।
২০০৯ সালের অর্থনৈতিক মন্দার কবলে পড়া পরাক্রমশালী এই দেশটির অর্থনীতির গতি পুনরুদ্ধারে ওবামার এ পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্লেষকরা মনে করছেন। তবে সেটি নির্ভর করছে তিনি এর বাস্তবায়নে কতটুকু সফল হন। দেশটির ঋণের পরিমাণ ১৬ দশমিক ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার। এই ঋণের বোঝা কমাতে প্রেসিডেন্ট এবং কংগ্রেস দীর্ঘদিন ধরে এক রকম যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রশাসন এবং কংগ্রেস সদস্যদের মধ্যেও মতবিরোধ রয়েছে। ধনীরা এজন্য ওবামার কঠোর সমালোচনাও করছেন। ধনীদের বেশির ভাগই রিপাবলিকান সমর্থক।
