বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিনের করা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায় এবার সবার উপরে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। বিশ্বের ৭শ’ ১০ কোটি মানুষের মধ্য থেকে সবচেয়ে প্রভাবশালী ৭১ জন ব্যক্তিকে বাছাই করেছে ফোর্বস। মানুষের ওপর প্রভাব, অর্থ ও অন্য গুরুত্বপূর্ণ সম্পদের নিয়ন্ত্রণ, বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতা ও ক্ষমতার ব্যবহারের ওপর ভিত্তি করে এই তালিকা করা হয়েছে। তালিকাটি প্রকাশ হয় বুধবার। এ তালিকায় ওবামার পরে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলকে রাখা হয়েছে। তারপরে রয়েছেন আরেক রাষ্টপ্রধান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তালিকায় সাত নম্বরে সৌদির বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদ, নয় নম্বরে চীনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শি জিনপিং এবং ১০ নম্বরে স্থান হয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের। তবে এবার ওই তালিকায় জায়গা হয়নি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের। বাদ পড়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি টিমোথি গেইথনারও।
