আর সপ্তাহখানেক কাটিয়ে যেতে পারলে জীবনের ১০৫তম বসন্তের দেখা পেয়ে যেতেন তিনি। তবে বিশ শতকের পৃথিবীতে কংক্রিটের কাঠামোতে ঢেউ খেলানো যেসব ‘শিল্পকীর্তি’ তিনি রেখে গেছেন, তার দিকে আরো বহুদিন বিস্ময়ভরা চোখে তাকিয়ে থাকবে বিশ্ব। বুধবার রিও ডি জেনেরোর একটি হাসপাতালে মারা গেছেন ব্রাজিলের বিখ্যাত স্থপতি অস্কার রিবেইরো ডি আলমেইদা নিয়েমেয়ার সোয়ারেস ফিলহো, যাকে মানুষ অস্কার নিয়েমেয়ার নামেই চেনে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্থাপত্যবিদ্যার লেখাপড়া শেষ করে ১৯৩০-এর দশকে নিয়েমেয়ার যখন কাজে নামেন, তখনো ব্রাজিলে ভবন নির্মাণ করা হতো ইউরোপের নিওক্লাসিক্যাল স্থাপত্যরীতির অনুকরণে। সৃজনশীল আর আধুনিক নকশায় ধীরে ধীরে সেই ধারাকে বদলে দিতে থাকেন নিয়েমেয়ার। এই স্থপতির সুনাম ছড়িয়ে পড়তে থাকে আন্তর্জাতিক অঙ্গনেও। তার স্বপ্নের নকশাতেই গড়ে উঠেছে আধুনিক ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া। ১৯০৭ সালের ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করা নিয়েমেয়ার রাজনৈতিক আদর্শে ছিলেন কমিউনিস্ট। কিউবার নেতা ফিদেল কাস্ট্রোর সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্ব ছিল।
