সংবাদ কণিকা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১২, ২০:৩৫
মালবাহী জাহাজডুবি উত্তর সাগরে দুইটি মালবাহী জাহাজের সংঘর্ষে চারজন নিহত হয়েছে। পরে একটি জাহাজ ডুবে যায়। এতে নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন নাবিক। বুধবার রাতে নেদারল্যান্ডের উপকূল থেকে ৬৫ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। কোস্টগার্ড সূত্রে জানা যায়, এ ঘটনায় ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরো সাতজন। তাদেরকে খুঁজতে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। তারা জানায়, বাল্টিক এসি জাহাজটি ২৪ জন নাবিক ও পণ্য নিয়ে বেলজিয়াম থেকে ফিনল্যান্ড যাচ্ছিল। এসময় স্কটল্যান্ড থেকে বেলজিয়ামগামী বিপরীত দিক থেকে আসা অপর জাহাজ করভাস জে এর তার সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। কোস্টগার্ডের মুখপাত্র পিটার ভারবার্গ জানান, দুর্ঘটনাটি ব্যস্ত শিপিং লাইনের কাছাকাছি অন্ধকারে হয়। -আল জাজিরা নারকেল স্বাদের আনারস অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা নারকেল স্বাদের নতুন প্রজাতির আনারস উদ্ভাবন করেছেন। মিষ্টি ও রসালো এ আনারসটির স্বাদের সঙ্গে বিজ্ঞানীরা নারকেলের স্বাদ যুক্ত করেছেন। কুইন্সল্যান্ড রাজ্যের কৃষি বিভাগ বিশ্বে প্রথমবারের মতো এ জাতের আনারস উদ্ভাবন করছেন। গবেষণাটি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই নতুন আনারসটির নাম রাখা হয়েছে অসফেস্টিভাল আনারস। ফলবিজ্ঞানী গার্থ সেনিউস্কি বুধবার এবিসি’তে প্রচারিত মন্তব্যে বলেন, মজার এই নারকেল স্বাদ অস্ট্রেলিয়ার আর কোনো আনারসে পাওয়া যাবে না। তিনি বলেন, এটি মিষ্টি ও রসালো এবং এতে এসিডের মাত্রা কম। -এএফপি উত্তর কোরীয় গুপ্তচরের কারাদণ্ড দক্ষিণ কোরিয়ার একটি আদালত বুধবার উত্তর কোরিয়ার এক গুপ্তচরকে চার বছরের কারাদণ্ড দিয়েছে। উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং ইলের বড় ছেলেকে পঙ্গু করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাকে এ শাস্তি দেয়া হয়েছে। মামলার শুনানিতে বলা হয়, মার্চ মাসে শরণার্থী হিসেবে অজ্ঞাত এ গুপ্তচর দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করে। তিনি চীনের মধ্যদিয়ে উত্তর কোরিয়া থেকে পালিয়ে যান। নিরাপত্তা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন ২০১০ সালে কিমের বড় ছেলে কিম জং নামকে লক্ষ্য করে একটি গাড়ি দুর্ঘটনার ষড়যন্ত্রের সঙ্গে তিনি জড়িত ছিলেন। -এএফপি