পেশাজীবীরা দলীয় রাজনীতিতে জড়ালে সেবা থেকে বঞ্চিত হয় জনগণ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১২, ২১:৫৬
“পেশাজীবীদের দলীয় রাজনীতি : প্রেক্ষিত বাংলাদেশ” শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, পেশাজীবীরাও দেশের নাগরিক। তাই তারা রাজনীতির বাইরে থাকতে পারেন না। তবে দলীয় রাজনীতিতে তাদের ব্যাপক সক্রিয় হওয়ার ফলে পেশা ক্ষতিগ্রস্ত হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকে। সুতরাং পেশাজীবীরা দলীয় রাজনীতিতে যুক্ত থাকলেও নিজ নিজ পেশার প্রতি তাদের নিষ্ঠা এবং দায়িত্ববোধ অটুট রাখতে হবে। এছাড়া অনেক পেশাজীবী অতিমাত্রায় দলীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার কারণে জনগণ সঠিক সেবা থেকে বঞ্চিত হয়। এ কারণে মানুষ পেশাজীবীদের দলীয় রাজনীতিতে অংশগ্রহণের বিষয়টিকে নেতিবাচক দৃষ্টিতে দেখে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনার আয়োজন করে যৌথভাবে দৈনিক সংবাদ ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ঐক্য পরিষদ। আলোচনায় অংশ নেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, কমিউনিস্ট পার্টির সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, ব্যারিস্টার সাদিয়া আরমান প্রমুখ। সভাপতিত্ব করেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ঐক্য পরিষদের আহ্বায়ক ফজলুল হক। রাশেদ খান মেনন বলেন, পেশাজীবীদের রাজনৈতিক বলয়ে রেখেই দেশের উন্নয়ন করা সম্ভব। আমাদের বিরাজনীতিকরণ নয়, বরং বিদলীয়করণের জন্য কথা বলতে হবে এবং কাজ করতে হবে। তিনি বলেন, দেশের জনগণের সকল অংশের মধ্যে রাজনৈতিক জ্ঞান না থাকলে দেশকে এগিয়ে নেয়া অসম্ভব। পেশাজীবীদের যার যার জায়গায় থেকে দেশীয় রাজনীতিতে অবদান রাখতে হবে। তবে তা যেন পেশাকে প্রভাবিত না করতে পারে। এম হাফিজউদ্দিন খান বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য, দেশে পেশাজীবীদের কেউ কেউ রাজনীতির নামে দলীয় ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হন। তাদের কাছে পেশার মর্যাদা, পেশাগত দায়িত্ব এবং জনগণের সেবার চেয়ে দলীয় আনুগত্যই গুরুত্বপূর্ণ। এ কারণে সাধারণ মানুষ পেশাজীবীদের দলীয় রাজনীতিতে অংশগ্রহণের বিষয়টিকে খুবই নেতিবাচক দৃষ্টিতে দেখে। ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, নির্বাচনের সময় পেশাজীবীরাও কোনো না কোনো একটি প্রতীকে ভোট দেন। সুতরাং প্রত্যেকেরই একটি রাজনৈতিক পরিচয় আছে; কিন্তু সেই পরিচয় যেন নিজের পেশাগত পরিচয়কে ছাপিয়ে না যায় এবং দলীয় আনুগত্যের কারণে কারো পেশাগত দায়িত্ব যেন লংঘিত না হয়।