নিউইয়র্কে সন্ত্রাসী হামলা পরিকল্পনার অভিযোগে বাংলাদেশি ছাত্র কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসের গ্রেফতারকে যুক্তরাষ্ট্র বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখছে। এ ঘটনা বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে ভিসা দেয়ার ক্ষেত্রে কোন প্রভাব ফেলবে না। এ ব্যাপারে মার্কিন সরকার আগের নীতিতেই চলবে। গতকাল বৃহ-স্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশ (আইবিএসবি) আয়োজিত এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের কনসাল জেনারেল জেইমি ফাউস এ কথা বলেন। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইবিএসবি’র প্রেসিডেন্ট হাফিজুর রহমান খান ও সাবেক সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী।
মার্কিন কনসাল জেনারেল বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার জন্য আমরা উত্সাহিত করি। তবে যুক্তরাষ্ট্রে লেখাপড়ার খরচ অনেক বেশি। যে শিক্ষার্থীরা পড়তে যান, তারা এক অর্থে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করেন। স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্র চায় এ ধরনের শিক্ষার্থী গিয়ে তাদের অর্থনীতিকে দৃঢ় করুক।
সেমিনারে যুক্তরাষ্ট্রের ভিসার ধরন, আবেদনের প্রক্রিয়া ও ভিসা পরবর্তী বিভিন্ন প্রক্রিয়ার বিষয়ে অবহিত করেন মার্কিন দূতাবাসের ভাইস কনস্যুলার অগ্নিয়ানা ইভানোভা শ্রীরাম। এছাড়া তিনি যুক্তিরাষ্ট্রে ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে সহজ ভিসা পাওয়ার বিষয়টি উল্লেখ করেন।
হাফিজুর রহমান খান তার বক্তব্যে বাংলাদেশিদের জন্য যেকোন ধরনের ভিসা প্রাপ্তি সহজ ও দ্রুত করার জন্য মার্কিন দূতাবাসের প্রতি আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের নাগরিকদের জন্য ডাইভারসিটি ভিসা (ডিভি) আবারো উন্মুক্ত করা হবে। এজন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কর দিয়ে বাংলাদেশিরা বৈধ টাকা বিদেশে বিনিয়োগ করতে পারেন।
প্রসঙ্গত, এক হাজার পাউন্ড ওজনের বোমা দিয়ে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক ভবন উড়িয়ে দেয়ার পরিকল্পনার অভিযোগে গত ১৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নাফিসকে আটক করা হয়। গত ২৭ নভেম্বর ব্রুকলিনের ফেডারেল আদালতে হাজির করা হলে নাফিস নিজেকে নির্দোষ দাবি করেন। ২১ বছর বয়সী নাফিস গত জানুয়ারিতে ছাত্র ভিসায় যুক্তরাষ্ট্রে পৌঁছান।
