আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ১৮:৫১
সালথা (ফরিদপুর) সংবাদদাতা ফরিদপুরের সালথা উপজেলায় সম্প্রতি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত ও সালথা এনজিও ব্রাকের সহযোগিতায় নারী নির্যাতন নির্মূলকরণে র্যালি ও পরে উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল বারীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লেবু মোল্যা বলেন, নারীর প্রতি সংঘটিত সকল নির্যাতন নির্মূলে পরিবার, কমিউনিটি, সমাজের সকল স্তরের মানুষকে প্রভাবিত ও উদ্বুদ্ধ করতে এবং স্থানীয়, জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টার সমন্বয় সাধনের লক্ষ্যে ১৯৯১ সাল থেকে সমগ্র বিশ্বে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রচারাভিযান চালানো হচ্ছে। তারপরও বাংলাদেশে প্রতিনিয়ত নারী নির্যাতনের ঘটনা সংঘটিত হচ্ছে। বাড়িঘর, রাস্তাঘাট, শিল্প প্রতিষ্ঠানসহ সবখানে নারীরা শারীরিক অথবা মানসিকভাবে নির্যাতিত হচ্ছে। নারী নির্যাতন কারো জন্যই কখনও কোন উপকার বয়ে আনে না। যে নারী অত্যাচারের শিকার, তার বাবা, ভাই বা অন্যান্য পুরুষ আত্মীয়রাও এর ফলে সরাসরি অথবা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত। অতএব নারী নির্যাতন বন্ধে সবাইকে দায়িত্ব নিয়ে সে লক্ষ্যে কাজ করা উচিত। হোসেনপুর (কিশোরগঞ্জ)সংবাদদাতা হোসেনপুর উপজেলা প্রশাসন ও ব্র্যাক-এর যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার নারী নির্যাতন নির্মূলকরণে উপজেলা সদরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালি নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো: আবুল কালাম আজাদ। ফুলছড়ি (গাইবান্ধা) সংবাদদাতা নারী নির্যাতন নির্মূলকরণে আন্তর্জাতিক প্রচারাভিযান পক্ষ ২০১২ এর অংশ হিসেবে গাইবান্ধার ফুলছড়িতে বৃহস্পতিবার উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দৃষ্টি মহিলা সংস্থা ও ব্র্যাকের সহযোগিতায় গাইবান্ধা-ফুলছড়ি সড়কে মানববন্ধন করা হয়েছে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী-উল-সহিদ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার খন্দকার মাক্বামাম মাহমুদা, উপজেলা ভাইস চেয়ারম্যান শাখিয়া পারভীন সাকী প্রমুখ। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ‘নীরবতা আর নয়- আসুন নারী নির্যাতনের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াই’ এই শ্লোগানকে সামনে রেখে গত বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও এনজিও সংস্থা ব্র্যাকের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজারহাট সংবাদদাতা রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে নারী সংগঠন ঘাসফুল, ব্র্যাকসহ বিভিন্ন এনজিওর অংশগ্রহণে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০১২ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রশিদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুনূর মো. আক্তারুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার এস এম মাজহারুল ইসলাম, ঘাসফুল নারী ও শিশু কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক নারী নেত্রী কল্পনা বেগম, ব্র্যাক কর্মকর্তা সামছুন্নাহার, স্বাস্থ্যকর্মী জোহরা বেগম, রংপুর বিভাগীয় মানবাধিকার বিষয়ক তদন্ত কর্মকর্তা আসাদুজ্জামান রাঙ্গা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সহকারী অধ্যাপক পলাশ চক্রবর্তী। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা সমপ্রতি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ মাল্টিসেক্টরাল প্রোগ্রাম ব্র্যাক মধুখালীর সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) ২০১২ উপলক্ষে র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে র্যালি পরবর্তী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালনকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানিয়া মোস্তফা, ব্র্যাকের এরিয়া ম্যানেজার মফিজুর রহমান, ব্র্যাকের উপজেলা ম্যানেজার সফিকুল ইসলাম, বর্গাচাষী ম্যানেজার কালাচাঁদ শীল, শাখা ব্যবস্থাপক আতিয়ার রহমান প্রমুখ। গুরুদাসপুর (নাটের) প্রতিনিধি নারীর প্রতি সংঘটিত সকল নির্যাতন নির্মূলে পরিবার, কমিউনিটি, সমাজের সকল স্তরের মানুষকে প্রভাবিত ও উদ্বুদ্ধ করতে স্থানীয়, জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সমন্বয় সাধনের লক্ষ্যে অন্যান্য বছরের মতো এবছরও সারা দেশব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করা হচ্ছে। তারই অংশ হিসেবে নাটোরের গুরুদাসপুরে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলা চত্বরে মহিলা বিষয়ক অধিদপ্তর, ব্র্যাক ও লাষ্টারের আয়োজনে “নীরবতা আর নয়- আসুন নারী নির্যাতনের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াই” শ্লোগানকে সামনে রেখে র্যালি, মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা ‘নীরবতা আর নয়—নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াই’ এ স্লোগানকে সামনে রেখে জামালপুরের মেলান্দহে আন্তর্জাতিক নারী নির্যাতন নির্মূল প্রচারাভিযান পক্ষ উদযাপিত হয়। দিবসটি উদযাপন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর ও ব্র্যাকের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ব্র্যাক অফিস থেকে র্যালিটি বের হয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয় হয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। জানা গেছে, বৃহস্পতিবার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা চত্বরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ আলোচনা সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতালী পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউএনও আহসান হাবিব, মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা বেগম কাকলী, সমাজ সেবা কর্মকর্তা আকরাম হোসেন, ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম, সহকারী অধ্যাপিকা নাসরিন সুলতানা ও আব্দুল জলিল প্রমুখ। আলোচনা পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করে। নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সমপ্রতি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা, মানববন্ধন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা নান্দাইল পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের দীর্ঘ লাইনে এক মানববন্ধন করা হয়। পরে ‘নীরবতা আর নয়, আসুন নারী নির্যাতনের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াই’- এ প্রতিপাদ্যে নান্দাইল উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় নারী নির্যাতন নির্মূলকরণে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন ২০১২ উপলক্ষে র্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। “নারী নির্যাতন না বলুন সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলুন, নীরবতা আর নয় আসুন নারী নির্যাতনের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াই”—এ শ্লোগানকে সামনে রেখে সমপ্রতি রিলিফ ইন্টারন্যাশনাল যশোর, আহসানিয়া মিশন ও ব্র্যাক চৌগাছার শাখার সহযোগিতায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।