সিরিয়ার রাজধানী দামেস্কের চারদিকে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সরকারি সৈন্যদের কামানের গোলা নিক্ষেপের খবর পাওয়া গেছে। সেই সঙ্গে রাজপথেও ব্যাপক সংঘর্ষ হয়েছে। এদিকে দেশটিতে পশ্চিমা বিশ্বের সাম্প্রতিক যে রাসায়নিক অস্ত্রের বিষয়ে মন্তব্য করা হয়েছে , একে সিরিয়া সরকার আগ্রাসনের পাঁয়তারা বলে মন্তব্য করেছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মাকদাদ বলেন, সেনাবাহিনী বিদ্রোহীদের উপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে- এ সম্পর্কিত পশ্চিমা প্রতিবেদন নিছক ‘হুমকি’ ছাড়া আর কিছুই নয়। সিরিয়ার সরকারি বাহিনী দামেস্কের কাছে দুমার পূর্বাঞ্চলীয় শহরতলীতে কামানের গোলা নিক্ষেপ করে। এছাড়া তারা জাবাদানি শহরের কাছে ও মোয়াদামিয়েত আল শাম এলাকায়ও গোলা নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার সরকারি কর্মকর্তা ও মানবাধিকার কর্মীরা এ খবর জানান। দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের একটি সড়কেও বিদ্রোহী-সেনা তুমুল সংঘর্ষ হয়েছে। এ সড়কটি বিমানবন্দরে যাওয়ার প্রধান পথ। এখানে ব্যাপক সংঘর্ষ হওয়ায় এ সড়কটি বন্ধ করে দেয়া হয়েছে। মানবাধিকার কর্মীরা জানান, আকরাবা সামরিক বিমানবন্দরের কাছেও সংঘর্ষ হয়েছে। এটি আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার প্রধান সড়কের কাছে অবস্থিত। অন্য একটি সূত্র আল জাজিরাকে জানায়, আকরাবা বিমানবন্দর বিদ্রোহীদের দখলে থাকলেও ওইদিন শাসক বাহিনী বিমানবন্দরটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। অন্যদিকে দামেস্কের উপকণ্ঠ দারায়ে অতিরিক্ত সেনা মোতায়েনের খবর পাওয়া গেছে। সিরীয় সৈন্যরা ‘সন্ত্রাসী’ নির্মূলের নামে এখানে বিদ্রোহীদের বিরুদ্ধে দমনে ব্যাপক অভিযান চালাচ্ছে। এদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মাকদাদ পশ্চিমা বিশ্বের সিরিয়ার বিষয়ে সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে বলেন, সিরিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে যে আশঙ্কার কথা তারা বলেছে এটা আসলে দেশটির ওপর এক ধরনের ‘সামরিক আগ্রাসনের পাঁয়তারা’ মাত্র। তিনি বলেন, সিরিয়া আবারো বলছে, আমরা দশবার, একশ’ বার বলেছি, আমাদের কাছে যদি এমন অস্ত্র থাকেও তা আমরা নিজেদের মানুষের ওপর প্রয়োগ করব না।
