আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবার তালেবান জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় আহত হয়েছেন দেশটির গোয়েন্দা প্রধান আসাদুল্লাহ খালিদ। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হামলার দায় স্বীকার করে বলেছেন, “আসাদুল্লাহ খালিদই ছিলেন হামলার লক্ষ্য। এতে বেশ কয়েকজন গোয়েন্দা হতাহত হয়েছে।” কাবুলের কেন্দ্রস্থলে তায়মেনি এলাকায় ‘ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটি’ (এনডিএস) এর একটি অতিথিশালায় এ বোমা বিস্ফোরণ ঘটে। এতে দেহের নীচের অংশে জখম হন খালিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিবিসিকে একথা জানান। হামলায় আরো কেউ হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে কর্মকর্তারা তাত্ক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।
