‘মোদি প্রধানমন্ত্রী হলে গুজরাট দাঙ্গার বিচার পাবে না ক্ষতিগ্রস্তরা’

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ১৯:৪০
ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির নেতা ও গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির প্রধানমন্ত্রী হলে গুজরাটে ২০০২ সালে সংঘটিত মুসলিম বিরোধী দাঙ্গায় ক্ষতিগ্রস্তরা কোনো বিচারই পাবেন না। মোদিকে আমেরিকার ভিসা না দেয়ার জন্য ওবামা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে ভয়াবহ ওই দাঙ্গায় নিহত ভারতের সাবেক সংসদ সদস্য এহ্সান জাফরির বিধবা স্ত্রী জাকিয়া জাফরি মার্কিন আইন প্রণেতাদেরকে এ কথা বলেন। বুধবার ক্যাপিটাল হিলে তিনি এক বিবৃতিতে বলেন, ‘তিনি (মোদি) প্রধানমন্ত্রী হলে আমার পাশাপাশি গুজরাট দাঙ্গায় ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষের ন্যায় বিচার পাবার আশা শেষ হয়ে যাবে। আমি প্রার্থনা করি এমনটা যেন কখনো না হয়।’ মার্কিন প্রশাসন এর আগে নরেন্দ্র মোদিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। ওই সিদ্ধান্ত বহাল রাখার জন্য ওবামা প্রশাসন ও মার্কিন আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে এ বিবৃতিতে। উল্লে¬খ্য, ভারতে ২০০২ সালে গুজরাটের গোধরায় একটি ট্রেনে আগুন দেয়াকে কেন্দ্র করে ভয়াবহ সামপ্রদায়িক দাঙ্গা উস্কে দেয়া হয়। কয়েক সপ্তাহব্যাপী ওই দাঙ্গায় এক হাজার দু’শর বেশি মুসলমানকে নির্মমভাবে হত্যা করা হয়।