কুমিল্লা তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের হরিপুরে গোমতী নদীর ওপর নির্মাণাধীন সেতুর নির্মাণ সামগ্রী লুটপাটের ঘটনায় ৮ গ্রামের কয়েকশ’ লোককে আসামি করে তিতাস থানায় মামলা হওয়ায় গ্রামগুলো পুরুষ শূন্য হয়ে পড়েছে।
গোমতী নদীর ওপর ৫কোটি ৮৫ লাখ ৪৫হাজার টাকা ব্যয়ে ১শ’ ২৫ দশমিক ১০মিটার দীর্ঘ হরিপুরে যে সেতুটি নির্মাণ হচ্ছে এর স্থান নির্ধারন নিয়ে দীর্ঘদিন যাবত্ বিরোধ চলছিল। ৮ গ্রামবাসির দাবি ছিল দাসকান্দিতে যেন সেতুটি নির্মাণ করা হয়। অপরদিকে হরিপুর এবং এর পার্শ্ববর্তী গ্রামগুলোর জনগণের দাবি হরিপুরে সেতুটি নির্মান করা হোক। এ ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে কয়েক দফা সংঘর্ষও হয়েছে। বৃহস্পতিবার ঠিকাদারী প্রতিষ্ঠান মালামাল নিয়ে সেতু নির্মাণের কাজ শুরু করলে দাসকান্দি এবং এর পার্শ্ববর্তী গ্রামগুলোর লোকেরা ঐক্যবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র-স্বস্ত্র নিয়ে সেতু নির্মাণের মালামাল লুট করে নিয়ে যায়। এসময় তিতাস থানা পুলিশ জনগণকে বাঁধা দিলে সংঘর্ষ হয়। এতে ৫ পুলিশসহ উভয় গ্রুপের ১০ জন আহত হলে ৭ ডিসেম্বর তিতাস থানায় মামলা হয়। তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের লোকদের এক গোয়েমির কারণে সেতু নির্মাণে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কুমিল্লা নির্বাহী প্রকৌশলীকে অনুরোধ করা হলেও একটি বিশেষ মহলের তাগিদে জনগণের মতামতকে উপেক্ষা করে হরিপুরে সেতু নির্মাণ শুরু করায় এপরিস্থিতির সৃষ্টি হয়েছে।
