বিদ্যুত্ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার তাগিদ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ২২:৪৪
জাতীয় বিদ্যুত্ সপ্তাহে দেশের জনগণের প্রতি বিদ্যুত্ সাশ্রয়ী হবার আহ্বান জানালেন নীতি নির্ধারকরা। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে বিদ্যুত্ সপ্তাহের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সারা পৃথিবীব্যাপী ক্রমান্বয়ে বিদ্যুতের উত্পাদন খরচ বাড়ছে। তাই আমাদের বিদ্যুত্ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। সবচেয়ে কম বিদ্যুত্ ব্যবহার করে সবচেয়ে ভালো ফলাফল পেতে হবে। বিদ্যুত্ বিভাগের অতিরিক্ত সচিব তাপস কুমার সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুত্ ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী (বীঃবিঃ), বিদ্যুত্ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক এমপি। অর্থমন্ত্রী বলেন, বিদ্যুত্ উত্পাদনের জন্য শুধুমাত্র গ্যাসের উপর নির্ভর করে থাকলে চলবে না। এর সঙ্গে কয়লা, নবায়নযোগ্য জ্বালানি, সোলার ও জৈব জ্বালানির মতো বিভিন্ন সূত্রগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে। তিনি জানান, আগামী বছর প্রায় ৫শ’ মেগাওয়াট বিদ্যুত্ আমদানি করা হবে। এছাড়া নেপাল থেকে ২ হাজার মে.ও. বিদ্যুত্ আমদানির পরিকল্পনা রয়েছে। পার্শ্ববর্তী দেশের আগরতলা, মায়ানমার থেকেও বিদ্যুত্ আমদানির পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুত্ ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী (বীঃবিঃ) বলেন, বিদ্যুত্ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হবার জন্য বিদ্যুত্ সপ্তাহের মতো কর্মসূচি পালন বিশ্বের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তিনি জানান, সাড়ে তিন বছর আগে বর্তমান সরকার ক্ষমতায় আসার পূর্বে দেশে বিদ্যুতের উত্পাদন ছিলো মাত্র সাড়ে তিন হাজার মে.ও.। বর্তমানে বিদ্যুত্ উত্পাদনের পরিমাণ সাড়ে ৬ হাজারে উন্নীত হয়েছে। অন্যান্যের মধ্যে বিদ্যুত্ বিভাগের সবেক সচিব ও বর্তমান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. আবুল কালাম আজাদ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যুত্ বিষয়ক প্রতিবেদন, রচনা প্রতিযোগিতা, উদ্যোক্তা, প্রতিষ্ঠানও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিভিন্ন বিভাগে পুরস্কার বিতরণ করা হয়।