কৃষিবিদ ইনস্টিটিউশন নির্বাচন বর্জনের ঘোষণা এ্যাবের

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১২, ২০:৩৮
কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) আগামী কার্যনির্বাহী কমিটি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি সমর্থিত পেশাজীবীদের সংগঠন এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। গতকাল শনিবার রাজধানীর প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে আহ্বায়ক আনোয়ারুন নবী মজুমদার বাবলা এ ঘোষণা দেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, কেআইবি-তে একটি সাজানো ও পাতানো নির্বাচনের আয়োজন করা হয়েছে। পক্ষপাতদুষ্ট, দলীয় আজ্ঞাবহ ও বিতর্কিত তোফাজ্জল হোসেনকে পর পর তিনবার নির্বাচন কমিশনের আবারো চেয়ারম্যান হিসাবে মনোনীত করা হয়েছে। ইতিপূর্বে তিনি পাঁচ পাঁচবার বর্তমান সরকারের আজ্ঞাবহ, বিশ্বস্ত এবং দলীয় ব্যক্তি হিসাবে নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করেছেন। সাংবাদিক সম্মেলনে এ্যাবের সদস্য সচিব হাসান জারিফ তুহিন, অধ্যাপক ড. আব্দুল করিম, মাহফুজুল হক বাচ্চু, হাবিবুর রহমান তুহিন, মো. আব্দুল আলীম, মাসুদুল হক ঝন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।