আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতাসহ ১১ জন নিহত

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১২, ২০:৪৪
আল কায়েদার অন্যতম শীর্ষ নেতা শেখ খালিদ বিন আবদুল রেহমান আল হুসাইনান যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান (ড্রোন) হামলায় নিহত হয়েছেন। তিনি আল কায়েদার বর্তমান শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরির আনুষ্ঠানিক উত্তরসূরি বলে জানা গেছে। আবু জাঈদ নামেও পরিচিত হুসাইনান শুক্রবার নিহত হন বলে দ্য ডন সংবাদ মাধ্যম শনিবার জানিয়েছে। ওই হামলায় কায়েদার আরো ১০ সদস্যও নিহত হয়েছেন বলে রয়টার্স জানিয়েছে। ড্রোন হামলা চালানোর সময় আল হুসাইনান সকালের নাস্তা করছিলেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা হুসাইনান নিহত হওয়ার বিষয়টি প্রকাশ করার পর সংগঠনটি তাদের ওয়েবসাইটে এ বিষয়টি নিশ্চিত করে। চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আল কায়েদার শীর্ষ নেতা আবু ইয়াহিয়া আল লিবি নিহত হলে হুসাইনান ওরফে জাঈদকে তার স্থলাভিষিক্ত করা হয়। এতে আল কায়েদার অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হন তিনি। মাত্র কয়েকদিন আগে হুসাইনান আফগান সীমান্তবর্তী ওই এলাকার একটি গোপন আস্তানায় গিয়ে উঠেছিলেন। তবে উত্তর ওয়াজিরিস্তানে কর্মরত পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা জানি-য়েছেন, একজন জ্যেষ্ঠ আল কায়েদা কমান্ডার নিহত হওয়া খবর তারা পেয়েছেন কিন্তু ওই কমান্ডারের পরিচয় ও পদ সম্পর্কে নিশ্চিত কিছু তাদের জানা নেই। পাকিস্তানের সীমান্তে চালক বিহীন বিমানের হামলায় আল কায়েদাকে প্রায় গুঁড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু বেসামরিক মানুষ নিহত হওয়ায় এসব হামলা পাকিস্তান ও আফগানিস্তান জুড়ে তীব্র সমালোচনার কারণ হয়েছে।