সিরিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহার হবে মারাত্মক অপরাধ :মুন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১২, ২০:৪৫
দামেস্ক রাসায়নিক অস্ত্র ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে কি না এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই জানিয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হলে তা হবে ‘মারাত্মক অপরাধ’। শুক্রবার তুরস্ক সফররত জাতিসংঘ মহাসচিব এসব কথা বলেন। এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীরা শুক্রবার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে ‘যুদ্ধ এলাকা’ ঘোষণা করেছে। অপরদিকে শুক্রবারও দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষে ১১৬ জন নিহত হয়েছে। তুরস্কে সিরীয় শরণার্থীদের একটি শিবির পরিদর্শনের পর মুন বলেন, “সমপ্রতি আমরা এ ধরনের খবর শুনতে পাচ্ছি যে, সিরিয়ার সরকার সম্ভবত রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে। তবে এ বিষয়ে আমাদের কাছে কোনো নিশ্চিত তথ্য নেই।”বিভিন্ন গোয়েন্দা সূত্রের উল্লেখ করে সপ্তাহখানেক আগে ওয়াশিংটন জানিয়েছিল, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সম্ভবত বিষাক্ত গ্যাস ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছেন। এর পরপরই গত সপ্তাহে কয়েকটি পশ্চিমা দেশ রাসায়নিক অস্ত্র ব্যবহার না করার জন্য আসাদকে সতর্ক করে।