হবিগঞ্জে বজ্রপাতে এক শিশু ও এক কৃষক নিহত হয়েছেন। এতে আহত হন আরও তিনজন। আহতদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সদর উপজেলার পইল নাজিরপুর গ্রামের বাসিন্দা ডেঙ্গু মিয়া (৫০) ছেলেদের নিয়ে রবিবার হাওরে ধান কাটতে যান। দুপুরে হঠাৎ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি নামে। এ সময় বিকট শব্দে বজ্রপাত হতে থাকলে তিনি ও তার ছেলেরা গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে হাওরে থাকা অন্য কৃষকরা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডেঙ্গু মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় তার ছেলে তোরাব আলী, করম আলী ও কিতাব আলীকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ‘রাইড শেয়ারিং কোম্পানিতে ভুয়া ঠিকানা দিয়ে নিবন্ধন করছেন চালকরা’
অপরদিকে বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামের মনফর মিয়ার মেয়ে সালমা আক্তার (৮) রবিবার বাড়ির আঙিনায় আম কুড়াতে যায়। এ সময় বজ্রপাতে সে গুরুতর আহত হয়। তাকে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. দেবাশিষ দাশ।
ইত্তেফাক/জেডএইচ

