পর্যটন শহর কক্সবাজারে চলাচলে দুর্ভোগ কমাতে রাস্তার উভয় পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে নেমেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসকের নির্দেশে শনিবার দুপুর থেকে শুরু হওয়া অভিযান রবিবারও অব্যাহত রয়েছে। প্রথম দিনের অভিযানে গুড়িয়ে দেওয়া হয়েছে অন্তত ৫০ টির বেশি অবৈধ দোকান ঘর।
রবিবারও একইভাবে গুড়ি দেওয়া হচ্ছে সড়কের জায়গা দখল করে গড়া দোকান, হোটেলের সিঁড়িসহ অবৈধ স্থাপনা। দু’দিনে শহরের শহীদ সরণী, লালদিঘীর পাড় ও বিলকিস মার্কেট এলাকা, ভোলা বাবুর পেট্রল পাম্প, বাজারঘাটা, বার্মিজ মার্কেট এলাকায় অভিযান চালানো হয়েছে।
আরও পড়ুন: ক্যাটওয়াক মঞ্চেই মৃত্যু হলো র্যাম্প মডেলের
নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান মৌদুদ আহম্মেদ বলেন, শহরের শহীদ স্মরণীস্থ রাস্তার পাশে ফলের দোকান, লালদিঘীর পাড়স্থ কাপড়ের দোকান, খাবারের দোকান বিলকিস মার্কেটস্থ মুদির দোকান, বাজারঘাটায় ফলের দোকান, শাহরাজ হোটেলের অবৈধ সিঁড়িসহ আরও শতাধিক অবৈধ স্থাপনা তুলে দেওয়া হয়।
এসব অবৈধ দোকানের কারণে ফুটপাত দখল হয়ে যাওয়ায় লোকজনকে রাস্তা দিয়ে চলাচল করতে হতো। এতে প্রায় সময় দুর্ঘটনা লেগেই থাকত। এ অভিযান চলমান থাকবে বলে উল্লেখ করেন তিনি।
ইত্তেফাক/জেডএইচ
