সাভারে দুটি গার্মেন্টসে শ্রমিক বিক্ষোভ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১২, ২২:৩৫
সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের ঘোষবাগ এলাকার অনন্ত অ্যাপারেলস ও জিরাবো কাঠগড়া এলাকার মাহবুব অ্যাপারেলস নামে দু’টি রপ্তানিমুখী পোশাক কারখানায় শনিবার শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। সকালে অনন্ত অ্যাপারেলসের শ্রমিকরা কারখানায় প্রবেশ করে বাত্সরিক মজুরি বৃদ্ধি (ইনক্রিমেন্ট) ও অতিরিক্ত কাজের পারিশ্রমিক প্রদানে গরমিলের অভিযোগ এনে বিক্ষোভ করে। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষ কারখানায় শনিবারের জন্য ছুটি ঘোষণা করে। শ্রমিকদের অভিযোগ, দক্ষ শ্রমিকদের মূল্যায়ন না করে কারখানা কর্তৃপক্ষ বাত্সরিক মজুরি বৃদ্ধির ক্ষেত্রে অনিয়ম করেছে। দীর্ঘদিন কাজ করেও অনেকেরই খুব সামান্য বেতন বেড়েছে। এছাড়া অতিরিক্ত কাজের পারিশ্রমিক হিসেবের ক্ষেত্রেও কর্মকর্তারা গরমিল করেছেন। শিল্প পুলিশ জানায়, বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে পার্শ্ববর্তী বাইপাইল-আব্দুল¬াহপুর মহাসড়কে অবস্থান নেয়। এসময় কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ তাদেরকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে শ্রমিকরা মহাসড়কে ব্যারিকেড দেয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। অপরদিকে, আশুলিয়ার কাঠগড়া এলাকায় মাহবুব অ্যাপারেলসের শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করে। সকাল সাড়ে আটটা থেকে কারখানার প্রায় ৬০০ শ্রমিক কাজ বন্ধ করে বিক্ষোভ করে। শিল্প পুলিশ, শ্রমিক ও মালিক পক্ষের সাথে কথা বললেও পরিস্থিতির কোন সুরাহা না হওয়ায় দুপুর ১২টার দিকে কর্তৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করলে শ্রমিকরা বাড়ি চলে যায়।