মালালাকে দেখতে যাবেন জারদারি

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১২, ২২:৪৩
যুক্তরাজ্যের বার্মিংহাম হাসপাতালে চিকিত্সাধীন কিশোরী মালালা ইউসুফজাইকে দেখতে যাবেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। দ্য ডন জানায়, শুক্রবার যুক্তরাজ্য ও ফ্রান্স সফরের উদ্দেশে জারদারি পাকিস্তান ত্যাগ করেন। প্রেসিডেন্ট জারদারির কার্যালয় থেকে জানানো হয়, জারদারি যুক্তরাজ্য সফরকালে মালালা ইউসুফজাইকে দেখতে যাবেন, তার স্বাস্থ্যের খোঁজ-খবর নেবেন। তবে তিনি কবে, কখন যাবেন এ ব্যাপারে কোনোকিছু জানানো হয়নি। প্যারিসে ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য উচ্চ পর্যায়ের ‘স্ট্যান্ড আপ ফর মালালা : গার্লস রাইট টু এডুকেশন’ শীর্ষক এক অনুষ্ঠানে অংশ নেবেন জারদারি। ইউনেসকো ও পাকিস্তান যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। ১৫ বছর বয়সী মালালা তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে উজ্জীবিত করেন পাকিস্তানিদের। তালেবানরা দেশটিতে নারী শিক্ষার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলে মালালা তার প্রতিবাদ করেন। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকায় চলতি বছরের অক্টোবরে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে তালেবান জঙ্গিরা। এই ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। মাথায় ও ঘাড়ে গুলিবিদ্ধ মালালাকে গুরুতর অবস্থায় লন্ডনের বার্মিংহামে এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আসিফ আলি জারদারি তার এক কন্যা আসিফা ভুট্টো জারদারিকে নিয়ে বার্মিংহাম কুইন হাসপাতালে যান। এ সময় জারদারি বলেন, মালালার জন্য পাকিস্তান গর্বিত। তার সাহসিকতা সন্ত্রাসীদের হুমকির কারণে বৃথা যেতে পারে না। পাকিস্তান গোটা দ্বন্দ্ব, উগ্রপন্থি ও সন্ত্রাস নির্মূলের অঙ্গীকারের প্রতূকে পরিণত হয়েছে মালালা।