আতংক ছড়াতে রাজধানীতে ভাংচুর, বোমাবাজি

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১২, ২২:৫০
নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের আজকের দেশব্যাপী অবরোধের কর্মসূচিকে সামনে রেখে রাজধানীতে আতংক ছড়াতে গতকাল শনিবার বেশ কয়েকটি স্থানে অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে নগরীতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আজ রবিবার পুলিশের পাশাপাশি ১০টি ভ্রাম্যমাণ আদালতও মাঠে কাজ করবে। গতকাল দুপুর ১টার দিকে অবরোধ সমর্থনকারীরা বিজয়নগর এলাকায় দুইটি গাড়ি ভাংচুর ও একটিতে আগুন ধরিয়ে দেয়। রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার শিবলী নোমান জানান, হঠাত্ বিজয়নগর ৭১ হোটেল গলির ভেতর থেকে কয়েকজন যুবক বেরিয়ে আশরাফ টাওয়ারের কাছে পার্ক করা একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস ভাংচুর করে। তারা একই সময় আগুন ধরিয়ে দেয় একটি প্রাইভেটকারে। পুলিশ ঘটনাস্থল পৌঁছার আগেই তারা পালিয়ে যায়। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এই ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে তিনি জানান। সন্ধ্যা পৌনে ৬টার দিকে কারওয়ান বাজার কাজী নজরুল ইসলাম এভিনিউর ওয়াসা ভবনের কাছে পরপর তিনটি ও সার্ক ফোয়ারার সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। এসময় একজন মোটরসাইকেল আরোহী ভয়ে গাড়ি থেকে পড়ে গিয়ে আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ফার্মগেট থেকে সার্ক ফোয়ারাগামী একটি প্রাইভেট থেকে দুই যুবক পরপর তিনটি ককটেল নিক্ষেপ করে। ওয়াসা ভবনের উত্তর পাশে তিনটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। একইভাবে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর ১ ও ১০ নম্বর সেকশনে পরপর ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া ফকিরাপুল, রাজারবাগ, লালবাগ, যাত্রাবাড়ি, ডেমরা ও পুরনো ঢাকার বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে। সন্ধ্যা সোয়া ছয়টায় মালিবাগ হোসাব টাওয়ারের কাছে সুপ্রভাত পরিবহনের একটি বাসে আগুন ধরানো হয়। উপস্থিত লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটি যান্ত্রিক ত্রুটির জন্য রাস্তার পার্শে পার্ক করা ছিল। এসময় এক যুবক বোতল থেকে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ভয়ে বাস যাত্রীরা দ্রুত নামতে গেলে কয়েকজন সামান্য আহত হন। এ ঘটনায় কিছু সময় সড়কে যান চলাচল বন্ধ থাকে। ভ্রাম্যমাণ আদালত : ডিএমপি ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান জানান, ১৮ দলীয় জোটের আট ঘণ্টা অবরোধ কর্মসূচি চলাকালে পুলিশের পাশাপাশি ১০টি ভ্রাম্যমাণ আদালতও যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধ ও মানুষের জানমালের নিরাপত্তা দিতে তত্পর থাকবে।