সেচ পাম্পের মালিকানা দ্বন্দ্বে কৃষক খুন

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১৮:২৩

যশোরের মণিরামপুর উপজেলায় সেচ পাম্পের (মোটর) মালিকানা নিয়ে বড় ভাই ও দুই ভাগ্নের হাতে যাদব সেন (৫৮) নামে এক কৃষক খুন হয়েছেন। নিহত যাদব উপজেলার প্রতাপকাঠি তাড়ুয়াপাড়া এলাকার মৃত সুরেন সেনের ছেলে।

রবিবার সকালে স্থানীয় ডুমুর বিলে এ ঘটনা ঘটে। এ সময় হামলার শিকার হয়েছেন নিহতের অপর ভাই মাধব সেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভগ্নীপতি গোপাল দাসকে থানায় নেওয়া হয়েছে।

আহত মাধব সেন জানান, তারা চার ভাই পৈত্রিক সূত্রে একটি সেচ পাম্প পান। তাদের বড়ভাই অন্য জায়গায় থাকেন। বাকি তিন ভাইয়ের মধ্যে আপস না হওয়ায় মোটরের মালিকানা পেতে দুই বছর আগে তারা ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন। পরিষদের পক্ষ থেকে তিন ভাইকে এক বছর করে মোটর চালানোর সিদ্ধান্ত দেওয়া হয়। একপর্যায়ে পাম্পটি তাদের মেজভাই মদন সেনের দখলে যায়। সময় পার হলেও তিনি পাম্পের দখল ছাড়তে নারাজ ছিলেন।

আরও পড়ুন: ক্যাটওয়াক মঞ্চেই মৃত্যু হলো র‌্যাম্প মডেলের

তিনি আরও বলেন, বোরো মৌসুম শেষ হওয়ায় রবিবার সকাল ৭টার দিকে ছোটভাই যাদব সেনকে সঙ্গে নিয়ে ডুমুর বিল হতে পাম্পটি খুলে আনতে যাই। ফেরার পথে মেজভাই মদন সেন, দুই ভাগ্নে সুভাষ দাস ও কানাই দাস অতর্কিত আমাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই যাদব সেন মারা যান।

মণিরামপুর থানার ইনসপেক্টর (তদন্ত) এসএম এনামুল হক বলেন, নিহতের দেহে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সুভাষ ও কানাইয়ের বাবা গোপাল দাসকে থানায় আনা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/জেডএইচ