২০১২ সালে ১০০ কোটি মানুষ বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ভ্রমণ ও পর্যটন সংস্থা। লন্ডনভিত্তিক সংস্থাটি জানায়, এ বছর ১৩ ডিসেম্বরে বিশ্বের ১০০ কোটিতম পর্যটকটি আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে আরেকটি দেশে প্রবেশ করবে। বিভিন্ন ভ্রমণ সংস্থার নির্বাহীদের নিয়ে এ সংস্থাটি বিশ্বের দেশগুলোর ইস্যু করা ভিসা ও আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সংক্রান্ত তথ্য-উপাত্ত সংকলন করে এ তথ্য জানায়। এ হিসাব অনুযায়ী, চলতি বছর বিশ্বের প্রতি সাত জনের মধ্যে একজন বিশ্বভ্রমণে অংশ নিয়েছে। কয়েক দশক আগেও আন্তর্জাতিক ভ্রমণ শুধু ধনীদের পক্ষেই সম্ভব বলে মনে করা হতো। পর্যটকদের সংখ্যা বৃদ্ধির কারণের মধ্যে চীনের মতো উন্নয়নশীল দেশগুলোর বিপুল সমৃদ্ধি থেকে শুরু করে, পর্যটনের মধ্যদিয়ে পৃথিবীকে আরো শান্তিপূর্ণ স্থানে পরিণত করার চেতনা পর্যন্ত বিভিন্ন বিষয় রয়েছে। সংস্থাটির প্রধান ডেভিড স্কোসিল বলেন, ‘এটি একটি বিস্ময়কর মাইলফলক। পুরো বিশ্ব ঘুরে বেড়াতে চায় এমন মানুষের সংখ্যা অনিবার্যভাবে বেড়ে চলেছে।’ পর্যটকদের গন্তব্য দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স শীর্ষে থাকলেও তালিকায় উঠে এসেছে গুয়াতেমালা, ডোমিনিকান রিপাবলিক, আইভরি কোস্টের মতো দেশগুলোর নাম।
