সাক্ষ্য দেবেন হিলারি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন লিবিয়ার বেনগাজিতে মার্কিন মিশনে হামলার বিষয়ে আইন প্রণেতাদের কাছে প্রকাশ্য শুনানিতে সাক্ষ্য দেবেন। পররাষ্ট্র বিষয়ক হাউস কমিটির চেয়ারউইম্যান ইলেনা রস লেহটিনেন জানান, এ বিষয়ে পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনের ওপর ক্লিনটন প্রকাশ্য শুনানিতে আলোচনা ও সুপারিশ তুলে ধরবেন। -এএফপি
বিমানবন্দর নিয়ে জটিলতা নেই
মালদ্বীপ সরকার একটি ভারতীয় অবকাঠামো কোম্পানির কাছ থেকে দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণভার পুনরায় গ্রহণের বিষয়টিকে ‘জটিলতাহীন’ উল্লে¬খ করেছে। কোম্পানিটির সঙ্গে বিরোধের জের ধরে মালদ্বীপ সরকার এই পদক্ষেপ নিলো। এতে প্রতিবেশী ভারতের সঙ্গে দেশটির সম্পর্কের অবনতি ঘটেছে। - এএফপি
ঘানার নির্বাচনে ত্রুটি
ঘানায় প্রেসিডেন্ট নির্বাচনে কারিগরি ত্রুটির কারণে কোনো কোনো এলাকায় দীর্ঘ বিলম্ব হওয়ায় শনিবারও ভোট গ্রহণ করা হয়। শুক্রবার অনেক এলাকায় শান্তিপূর্ণ ও নিবিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন হয়। তবে কিছু কিছু এলাকায় ইলেক্ট্রনিক ভোটিং ব্যবস্থায় ত্রুটি দেখা দেয়। ফলে ভোটারদের সারি দীর্ঘ হয়ে ভোগান্তির সৃষ্টি হয়।- এএফপি
৭০টি লাউ খেয়েছে হাতি
লোকালয়ে হানা দিয়ে একদল হাতি খেয়ে নিয়েছে ৭০টি লাউ। ভারতের শামুকতলা থানার বড় চৌকিরবস গ্রামে শুক্রবার রাতে এ ঘটনা ঘটায়। পাকা ধান ও আলুর খোঁজে এর আগে হাতি লোকালয়ে এসেছে কয়েকবার। প্রতিরোধের জন্য গ্রামগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। সেখানকার কৃষি কর্মকর্তা জানিয়েছে, লাউ চাষীদের ক্ষতি পূরণ দেয়া হবে।- আনন্দবাজার পত্রিকা
শাস্তির হুমকি মমতার
দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা না করলে তাদের জন্য শাস্তি প্রদানের হুমকি দিয়েছেন ভারতের তৃণমূল নেত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের প্রস্তুতিকালে দলের জনপ্রতিনিধিদের সঙ্গে শনিবার বৈঠক করেন তিনি। দলের স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভাবমূর্তি গড়তেই তিনি কয়েকজন নেতাকে বিশেষ সতর্ক করেছেন। -আনন্দবাজার পত্রিকা
