বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের আজ ৪১তম মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১২, ২১:২৬
বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের আজ সোমবার ৪১তম শাহদাত্-বার্ষিকী। ৭১‘র ডিসেম্বর এর প্রথম সপ্তাহে মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধারা যখন পাকিস্তানি হানাদার বাহিনীদের পরাজিত করে একের পর এক শহর দখল করে বাংলাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করছে, সেই সময় খুলনার রূপসা নদীতে মুক্তিযোদ্ধাদের একটি যুদ্ধ জাহাজকে বিএনএম পলাশের চিফ ইঞ্জিন রুম অফিসার হিসাবে রুহুল আমিন কর্মরত ছিলেন। ১০ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর বিমান হামলায় যুদ্ধ জাহাজে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় রুহুল আমিন জাহাজ থেকে নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কেটে রূপসা নদীর পাড়ে উঠেন। এ সময় তাকে পাকিস্তানি হানাদারদের দোসর রাজাকার আলবদররা বেয়োনেট দিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করে নদীর পাড়ে ফেলে রাখে। স্বাধীনতার পর বাংলাদেশ সরকার এই বীর মুক্তিযোদ্ধাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব বীরশ্রেষ্ঠ (মরণোত্তর) উপাধিতে ভূষিত করে। দেশের সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে শহীদ রুহুল আমিন একজন। বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ তার নিজগ্রাম নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের শহীদ রুহুল আমিন নগরে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে মিলাদ মাহফিল, দু:স্থদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।