ইটালির প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১২, ২২:২২
ইটালির প্রধানমন্ত্রী মারিও মন্টি পদত্যাগ করছেন। বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লোসকোনির দল পিপল অব ফ্রিডম (পিডিএল) পার্টির সরকারের ওপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়ার পর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঐ ঘোষণা আসে। বার্লোসকোনি আগামী নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এবং পুনরায় ক্ষমতায় ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী মারিও মন্টি জানান, ক্ষমতা ছেড়ে দেয়ার আগে বাজেট পাস করা এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা আনার চেষ্টা করবেন তিনি। বার্লোসকোনি বলেন, মন্টির কঠোর নীতি ইটালির ক্ষতি করেছে। শনিবার দেশটির প্রেসিডেন্ট গিওর্গি ন্যাপোলিতানোর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে মন্টির পদত্যাগ পরিকল্পনার কথা জানানো হয়। খবর এএফপি ও আল জাজিরার। প্রেসিডেন্ট গিওরগিও ন্যাপোলিতানোর কার্যালয় বিবৃতিতে জানিয়েছে, মারিও মন্টির পক্ষে আর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাওয়া সম্ভব বলে তিনি মনে করছেন না। এজন্যই তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রেসিডেন্ট প্রাসাদে নেপোলিতানোর সঙ্গে প্রধানমন্ত্রী মন্টির এক ঘণ্টার বেশি সময় ধরে বৈঠকের পর পদত্যাগের ঘোষণাটি এলো। গত শুক্রবার মারিও মন্টি পিপল অব ফ্রিডম (পিডিএল) পার্টির নেতা অ্যাঙ্গেনিলো আলফানোসহ পার্লামেন্ট সদস্যদের সঙ্গে বৈঠক করেন। আগামী বছরের বসন্তেই মন্টি সরকারের মেয়াদ শেষ হবে। ইটালির সাধারণ নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক না হলেও মার্চ অথবা এপ্রিল মাসে তা অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।