ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ তার আবার ক্যান্সার দেখা দিয়েছে বলে স্বীকার করেছেন এবং তার ‘কিছু হওয়ার’ আশংকায় ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদু-রোকে তার উত্তরসূরি নির্বাচন করেছেন। গতকাল রবিবার জাতীয় টেলিভিশনে আবেগজড়িত কণ্ঠে শ্যাভেজ বলেন, শারীরিক পরীক্ষার জন্য সামপ্রতিক কিউবা সফরকালে তার শরীরে ক্যান্সার কোষ ফের শনাক্ত হয়েছে। আরেক দফা সার্জারির জন্য রবিবার ফের কিউবায় যাবার কথা। খবর এএফপির। শ্যাভেজ বলেন, পূর্ণাঙ্গ শারীরিক পরীক্ষা করে ডাক্তাররা আবার আগের জায়গায় কিছু ‘মারাত্মক ক্যান্সার কোষ শনাক্ত করেছেন। তবে শ্যাভেজ বা কিউবায় তার চিকিত্সকদের কেউই তিনি কোন ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন সে সম্পর্কে কিছু জানাননি। তিনি বলেন, কিউবায় চিকিত্সকরা তার অস্ত্রোপচার জরুরি ভিত্তিতে করা প্রয়োজন বলে জানিয়েছেন। আর এটা এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। চিকিত্সকরা শুক্রবার বা রবিবারের মধ্যে অস্ত্রোপচারের ওপর জোর দিয়েছিলেন। কিন্তু তিনি রাজি না হয়ে দেশে চলে আসেন। শ্যাভেজ ১০ দিন কিউবায় অবস্থানের পর শুক্রবার দেশে ফিরেন। তিন সপ্তাহ পর্যন্ত তাকে প্রকাশ্যে দেখা যায়নি। শ্যাভেজ যদি তার ‘কিছু হয়’ এবং তিনি অক্ষম হয়ে পড়েন তাহলে সংবিধান অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ২০১৩-২০১৯ মেয়াদের বাকি সময় তার স্থলে দায়িত্ব পালন করবেন।
