‘ঘুমপাড়ানি’ টেস্ট সিরিজটা হাতছাড়া হলো। অনেক নাটকের পর ‘গা গরম করা’ ওয়ানডে সিরিজ হাতের মুঠোয় এল। বাকি ছিল চার-ছক্কার ‘ধুম ধাড়াক্কা’ টি-২০ ম্যাচ! সেই অপেক্ষার পালাও শেষ। আজ সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার একমাত্র টি-২০ ম্যাচ। ২০-২০ ওভারের স্বল্পদৈর্ঘ্য এই ‘থ্রিলার’ দেখবে ক্রিকেটপ্রেমীরা। এটিই এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ বাংলাদেশের। এ বছর ৯টি ওয়ানডের পাঁচটিতে জয়, ৮টি টি-টোয়েন্টির চারটিতে জয় পেয়েছে টাইগাররা। বাংলাদেশের সবচেয়ে বেশি সফলতা এসেছে এই বছরেই। এশিয়া কাপে রানার্স আপ এবং সর্বশেষ পূর্ণ শক্তির ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হারানো। এই সফলতার রশিটা আরো একটু টেনে লম্বা করতে সিরিজের একমাত্র টি-২০ ম্যাচও জিততে চায় বাংলাদেশ। সেই লক্ষ্য নিয়েই মাঠে নামবে মুশফিকরা। বছরের শুরুটা দারুণ হয়েছিল, শেষটাকেও স্মরণীয় করে রাখতে চায় বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে বাংলাদেশের আত্মবিশ্বাসের পারদটা এখন যেখানে গিয়ে ঠেকেছে সেখান থেকে নামিয়ে আনা তাদের জন্য কঠিন হবে। তারা বিশ্বচ্যাম্পিয়ন কিন্তু ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে ‘বধ’ হয়েছে। আত্মবিশ্বাসের পারদটা তাদের নড়বড়ে ঠিকই, কিন্তু ভুলে গেলে চলবে না তারা টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন। বাংলাদেশের বিপক্ষে এর আগে তারা ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। মাত্র একটি ম্যাচ জিতেছে তারা। বাকি দুইটি ম্যাচ বাংলাদেশের। সর্বশেষ বাংলাদেশ সফরে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিতেও তারা হেরেছিল।
ওয়ানডে সিরিজ হারার পর গতকাল ১৮ দলের অবরোধের কারণে হোটেল থেকে বেরই হতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। খেলোয়াড়রা অনুশীলন তো করেননি, সেই সাথে নিরাপত্তার কারণে হোটেলবন্দি হয়েই থাকতে হয়েছে ক্যারিবিয়দের। কিয়েরন পোলার্ড, ভিরাস্যামি পারমলসহ তিন চারজন চেষ্টা করেছিলেন বাইরে যাওয়ার কিন্তু নিরাপত্তা কর্মীরা তাদের আটকে দেন। বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারের যন্ত্রণা ভোলার চেষ্টা করছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের ফ্যাকাশে মুখ দেখেই পরিষ্কার, কতটা হতাশায় ভুগেছে তারা।
ঠিক যেন মুদ্রার উল্টো পিঠ দেখা গেছে বাংলাদেশ শিবিরে। ১৮ দলের অবরোধের কারণে অনুশীলন করেননি কেউ। কিন্তু টি-টোয়েন্টি ম্যাচকে ঘিরে কারো মধ্যে কোন বাড়তি চাপ দেখা যায়নি। আয়ারল্যান্ড সফরে ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে চারটিতে জিতে র্যাংকিংয়ে তিন নম্বরে চলে এসেছিল বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরে ফের র্যাংকিংয়ে নিচের দিকে চলে গেছে তারা। ২৬টি টি-টোয়েন্টি ম্যাচে আটটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। পরিসংখ্যান যাই বলুক না কেন, আজ বাংলাদেশ মাঠে নামবে ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে, মাঠে সর্বশক্তি বিলিয়ে দিয়ে। ওয়ানডে সিরিজের অপরিবর্তিত দলই আজ মাঠে নামাবে বাংলাদেশ। তবে তিন নম্বরে নামা জহুরুল ইসলামের জায়গায় জিয়াউর রহমান খেলবেন কিনা তা নিয়ে দ্বিধায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। ইনজুরির কারণে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলেননি মাশরাফি বিন মুর্তজা। তাকে নিয়ে এই মুহূর্তে ঝুঁকি নিতে চাইছেন না তারা। তাই মাশরাফিকে বিশ্রামে রেখে আজও নতুন বলের শুরুটা করবেন শফিউল ইসলাম।
