সাবেক ভূমি উপমন্ত্রী বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক নাটোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে পুলিশ শনিবার রাতে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, শহরে বোমবাজি ও গুলি চালিয়ে জনমনে আতংক সৃষ্টি করার অভিযোগে দুলু ও তার দলের সদস্যদের গ্রেফতার করা হয়েছে।
জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, রাতে আওয়ামী লীগ-যুবলীগের একদল সন্ত্রাসী কেন্দ্রীয় নেতা দুলুর বাড়িতে হামলা চালায়। তাদের ছোঁড়া গুলিতে জেলা বিএনপির প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহিন আহত হয়েছেন। তাকে নাটোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে রাত ১২টায় দুলুকে তার বাসভবন থেকে গ্রেফতার করা হয়। এদিকে দুলুকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে জেলা বিএনপি আজ সোমবার নাটোরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।
