যুদ্ধাপরাধীদের রক্ষায় বিএনপি-জামায়াত-শিবিরের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে আগামী ২২ ডিসেম্বর শনিবার রাজধানী ঢাকাসহ সারাদেশে জেলা, উপজেলায় গণমিছিল কর্মসূচি পালন করবে ১৪ দল। গতকাল রবিবার ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের কর্মসূচি প্রণয়ন কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য প্রবীণ পার্লামেন্টারিয়ান তোফায়েল আহমেদ এমপি। অন্যান্যের মধ্যে মাসব্যাপী বিজয় দিবস উদযাপনে গঠিত জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ নাসিম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ উপস্থিত ছিলেন। ১৪ দলের পক্ষ থেকে গণমিছিল সফল করার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
