ফিলিপাইনে আবারো টাইফুন

আপডেট : ১০ ডিসেম্বর ২০১২, ২০:৩৪
টাইফুন বোপার পরে ফিলিপাইনে আরো একটি দুর্বল টাইফুন আঘাত হেনেছে। এতে আবারো ব্যাপক ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। রবিবারের ঝড়ে দেশটির মূল দ্বীপ লুজোর উত্তরাঞ্চলের প্রদেশগুলোতে সতর্কতা জারি করা হয়। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিলো ঘণ্টায় ৫৫ কিলোমিটার। এদিকে বোপার আঘাতে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৬৪৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ বিষয়ক প্রধান বেনিতো রামোস। টাইফুন বোপা দক্ষিণ চীন সাগরের দিকে সরে গিয়ে দুর্বল হয়ে যাওয়ার পরে আবারো এগিয়ে আসে মূলভূমির দিকে। গত মঙ্গলবার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাও প্রদেশে এ বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় বোপা আঘাত হানলে ঝড়ে ও ভূমিধসে অন্তত ৬৪৭ জন নিহত হয় এবং সহস্রাধিক মানুষ আহত হয়। প্রায় দুইশ’ কোটি মার্কিন ডলারের শস্য ক্ষতিগ্রস্ত হয় এ ঝড়ে। এখনো প্রায় ৮৫০ জন মানুষ নিখোঁজ রয়েছে যাদের বেশিরভাগই মিন্দানাও প্রদেশের কম্পোস্টেলা ভ্যালি ও দাভাও ওরিয়েন্টাল এলাকার বাসিন্দা। এখনো বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ৩ লাখ ৭০ হাজার মানুষ রয়েছে। অন্তত ৫৪ লাখ মানুষ খাদ্য, খাবার পানি ও আশ্রয়ের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। তিনশ’র বেশি মত্স্যজীবীদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। কম্পোস্টেলা ভ্যালি ও ডাভাও ওরিয়েন্টাল এলাকার ৯০ শতাংশ ঘর-বাড়ি ঝড়ের আঘাতে নিশ্চিহ্ন হয়েছে বলে জানানো হয়।