জামায়াত-বিএনপির ১৬ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট : ১০ ডিসেম্বর ২০১২, ২২:৩৯
গত রবিবারের অবরোধ কর্মসূচিতে সহিংসতা, পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনায় বিএনপি ও জামায়াতের কেন্দ্রীয় নেতাসহ ১৬ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাগুলো দায়ের করে। বিএনপি-জামায়াতের অল্পকিছু নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে মামলায়। বেশিরভাগকেই দেখানো হয়েছে অজ্ঞাত পরিচয়ধারী। দুই/একটি স্থানে ব্যক্তিগত সম্পতি নষ্ট করার অভিযোগে মামলা হয়। এসব মামলায় এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৩৫ জনকে। ইত্তেফাক অফিস, সংবাদদাতা ও প্রতিনিধিদের পাঠানো খবর সিরাজগঞ্জ : গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের উপর হামলার ঘটনায় সিরাজগঞ্জের চারটি থানায় পাঁচটি মামলা হয়েছে। মামলায় ১১০০ বিএনপি নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। তিনটি মামলায় পুলিশ ও দুইটিতে ক্ষতিগ্রস্তরা বাদী হয়েছে। আট জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে এনায়েতপুরে জামায়াত নেতা ওয়ারেজ আলী নিহত হওয়ার ঘটনায় জেলা জামায়াতের অর্ধদিবস হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে রবিবারের সহিংসতার ঘটনায় বন্দর ও সোনারগাঁও থানায় পৃথক চারটি মামলায় অজ্ঞাত পাঁচ হাজারেরও বেশি নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। এর মধ্যে নাম উল্লেখ করা হয়েছে সাবেক এমপি আবুল কালাম ও বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলসহ সাত জনের। অবরোধ চলাকালে ৫টি মটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতারাও একটি মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। জীবননগর : পুলিশের ওপর হামলার ঘটনায় গতকাল ২শ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে পুলিশ। এদিকে সোমবার রাজনৈতিক ছত্রচ্ছায়ায় উচ্ছৃঙ্খল কিছু যুবক শহরের আয়ুব সুপার মার্কেটে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। শহরজুড়ে অতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দেয়। ইউএনও সাজেদুর রহমান ক্ষমতাসীন দলের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর আগে রবিবার রাতে জয়বাংলা শ্লে¬াগান দিয়ে আওয়ামী লীগের কর্মীরা উপজেলা বিএনপির একাংশের সভাপতি পৌর মেয়র নোয়াব আলীর বাসভবন, পাটের দোকান ও দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করে। রাত সাড়ে ৮টার দিকে মিরাশ স্টোর লুটপাট ও হাসাদাহ বাজারে বোমা হামলা চালনো হয়। এসময় আব্দুল আলিমের কাপড়ের দোকান ও বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন জালালের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ভাঙ্গুড়া (পাবনা) : উপজেলা সদরের শরতনগর বাজারে জামায়াতের একটি বিক্ষোভ মিছিল থেকে পুলিশ ভাঙ্গুড়া উপজেলা জামায়তের আমির অধ্যাপক আলী আছগর, সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, জামায়াত কর্মী আফজাল হক, আবু তালেব, মন্সুর আলী, মাওলানা জহুরুল ইসলাম, হযরত আলী ও শিবির কর্মী সোহেল রানাকে গ্রেফতার করেছে। চাঁপাইনবাবগঞ্জ : শিবগঞ্জ উপজেলার রানিহাটি বাজারে অবরোধ চলকালে বোমাবাজির ঘটনায় ৯১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিস্ফোরকদ্রব্য আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় শিবগঞ্জ থানায় মামলা করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- বিএনপি কর্মী খাইরুল ইসলাম, তরিকুল ইসলাম ও রুহুল আমিন। ইত্তেফাক রিপোর্ট : সাভার ও আশুলিয়া এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, নাজিম উদ্দিন আলম, সাভারের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিনসহ এক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করেছে পুলিশ। টাঙ্গাইল : বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় বিএনপির দেড়শ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। রবিবার রাতে এসআই রেজাউল করিম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার এজাহারে আসামি হিসেবে উপজেলা বিএনপির সভাপতি কেন্দ্রীয় নেতা লুত্ফর রহমান মতিনসহ ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। গতকাল সোমবার ভোরে উপজেলা বিএনপির সহ-সভাপতি আনছার আলী সিকদারকে পুলিশ গ্রেফতার করেছে। বরগুনা (উত্তর) : হরতালে নাশকতার আশংকায় বিএনপির ৫ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- জিয়াউল হাসান রাজু, রফিকুল ইসলাম, কামাল হোসেন খোকন, আমিনুল ইসলাম হাওলাদার ও মেহেদি হাসান। এদিকে হরতালের সমর্থনে বিএনপি মিছিল করেছে। রাজশাহী অফিস রাজশাহীতে হরতালের সমর্থনে বিক্ষোভ কর্মসূচি থেকে নাশকতার আশঙ্কায় গতকাল সোমবার দিনভর দলীয় কার্যালয়ে পুলিশের দ্বারা অবরুদ্ধ ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান মিনু। বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিপুল সংখ্যক পুলিশ মালোপাড়ার কাবিল ম্যানশনের বিএনপি কার্যালয় ঘেরাও করে রাখে। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন ও বিএনপির কেন্দ্রীয় সদস্য মুসাদ্দেক হোসেন বুলবুল প্রমুখ নেতাও দিনভর অবরুদ্ধ ছিলেন। এদিকে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ কর্মসূচি ঠেকাতে শহরের সাহেব বাজারে অতিরিক্ত পুলিশের পাশাপাশি জল কামান নামানো হয়। রামু (কক্সবাজার) : উপজেলার চাকমারকুল মাদ্রাসা এলাকা থেকে ৩টি মামলার সাজাপ্রাপ্ত আসামি জামায়াত নেতা মৌলভী আমিন উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। টঙ্গি : থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম শুক্কুর, গাজীপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক বসির উদ্দিন আহমেদ, থানা বিএনপির যুগ্ম-সম্পাদক শেখ মো. আলেক, প্রচার সম্পাদক আব্দুর রহিম খান কালা, থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন ফারুক, থানা স্বেচ্ছা সেবক দলের সভাপতি মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভেণ্ডার খানসহ ৪০ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশ মিথ্যা মামলা দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। বিএনপি অফিস ভাঙচুর ও নেতা-কর্মীদের উপর হামলার ঘটনায় বিএনপি মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেছে বিএনপি নেতারা। গফরগাঁও:পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি দলীয় সাবেক এমপি ফজলুর রহমান সুলতান, তার ভাই উপজেলা বিএনপি সভাপতি এবি সিদ্দিকুর রহমান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুনসহ ৫৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং বিএনপির অজ্ঞাত দুই হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে গফরগাঁও থানা পুলিশ। বাজিতপুর (কিশোরগঞ্জ): উপজেলার পিরিজপুরে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ নেতাকর্মীদের হুমকি প্রদান ও মারধর করার অভিযোগে আওয়ামী লীগ নেতা সুমন মিয়া বাদী হয়ে বিএনপির ১৫২ নেতাকর্মীর বিরুদ্ধে বাজিতপুর থানায় মামলা করেছেন। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরকে প্রধান আসামি করে ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পুলিশ গতকাল বিএনপি নেতা হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে। রাঙ্গুুনিয়া: অবরোধ কর্মসূচির সময় গাড়ি ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রাঙ্গুনিয়া থানায় দ্রুত বিচার আইনে ৭৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত তিনশ জনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ মীর মোহাম্মদুল হক (৪২) ও জসিমউদ্দিন (৪০) নামে দুইজনকে গ্রেফতার করেছে। পাটগ্রাম (লালমনিরহাট): পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপি-জামায়াতের দেড় শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে পাটগ্রাম থানা পুলিশ একটি মামলা দায়ের করেছে। এ মামলায় রাসেল নামে এক বিএনপি কর্মীকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। উল্লাপাড়া (সিরাজগঞ্জ): হরতালের সমর্থনে গতকাল ভোরে ও বিকালে ১৮ দলের বিক্ষোভ মিছিল হয়েছে। এদিকে শহরের আবু হুরায়য়া এতিমখানায় অভিযান চালিয়ে ষষ্ঠ শ্রেণীর আবাসিক ছাত্র হাসান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বগুড়া: পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগসহ পুলিশ সদস্যদের পেটানোর ঘটনায় শাজাহানপুর থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০ বিএনপি ও জামায়াতের নেতাকর্মীকে আসামি করা হয়েছে। কনস্টেবল ফাইজুল হক বাদী হয়ে রবিবার রাতে মামলাটি দায়ের করেন। মামলায় শফিকুল ইসলাম, আব্দুল লতিফ, মেহেদী হাসান নয়ন, সাইদ হোসেন, রায়হান আলী, সুরুজ মিয়া, আব্দুর রশিদ, হাবিবুর রহমান, বাপ্পী ও জিয়ার নাম উল্লেখ করা হয়েছে। মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের বিভিন্ন পয়েন্টে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও বোমা হামলার ঘটনায় ৫টি মামলা দায়ের করা হয়েছে। এ সকল মামলায় বিএনপির ২ সহস াধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। লৌহজংয়ের মাওয়া চৌরাস্তা এলাকায় সহিংসতার মামলায় প্রধান আসামি করা হয়েছে বিএনপির উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোঃ রাশেদকে। উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক কালাম ঢালী, জেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক শাহীন মৃধা, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হাবিব, উপজেলা ছাত্রদলের সভাপতি অপু চাকলাদার ও কুমারভোগ ইউপি বিএনপির সভাপতি কাওসার তালুকদারের নাম উল্লেখ করা হয়েছে। সিরাজদিখানের কুচিয়ামোড়া এলাকায় পুলিশের ওপর হামলা মামলায় সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো. আব্দুল্লাহকে প্রধান আসামি করা হয়েছে। শহরের মুক্তারপুর সেতু এলাকায় বোমা হামলার ঘটনায় বিএনপি নেতা আয়াত আলী দেওয়ানকে প্রধান আসামি করে মামলা হয়েছে। কক্সবাজার: বিএনপি ও জামায়াতের ৬০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ১০০ জনের নাম উল্লেখ করে আরো ৫০০ জনকে অজ্ঞাত দেখিয়ে রবিবার রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বাদী হয়ে থানায় এই মামলাটি দায়ের করেন। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহারনামীয় দুইজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন ইসলামী ছাত্রশিবির চকরিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি কুতুব উদ্দিন ও অপরজন বিএনপি কর্মী নাজেম উদ্দিন। মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন চকরিয়া উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এম মোবারক আলী, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক এম আবদুর রহিম, উপজেলা জামায়াত (দক্ষিণ) সেক্রেটারী মাওলানা মুজাম্মেল হক। দাউদকান্দি (সংবাদদাতা): গতকাল বিএনপি-জামায়াতের দেড় হাজার নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দু’টি মামলা দায়ের করা হয়। হোমনা থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান বাদী হয়ে দ্রুত বিচার আইনে ১৮ জনের নামে এবং অজ্ঞাত ৫শ’ জন ও পুলিশের ওপর হামলার ঘটনায় উপ-পরিদর্শক ওমর ফারুক বাদী হয়ে ৭০ জনের নামে ও অজ্ঞাত ৯শ’ জনের নামে অপর একটি মামলা দায়ের করেন। ভ্রাম্যমাণ প্রতিনিধি: ঝিনাইদহে দেড়শ’ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ১২শ’ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রবিবার রাতে শৈলকুপা থানার এসআই সুলতান মাহমুদ বাদী হয়ে মামলাটি করেন। আসামিদের মধ্যে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।