দেশের চলমান রাজনৈতিক সংঘাতময় কর্মসূচিতে উদ্বেগ প্রকাশ করে ব্যবসায়ীরা ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের স্বার্থে সংঘাতময় রাজনীতি পরিহার করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন। সেইসাথে রাজনৈতিক মতানৈক্য দূর করতে হরতাল ও ধংসাত্মক রাজনীতির বিকল্প পন্থা বের করতে আবারো তাগিদ দিয়েছেন। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো ঢাকা চেম্বারের পক্ষ থেকে এক বিবৃতিতে খ্যাতনামা ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এ আহ্বান জানান।
বিবৃতিতে উভয় দলকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়ে বলা হয়, দুর্ভাগ্যজনকভাবে সম্প্রতি হরতাল ও অবরোধের মত রাজনৈতিক কর্মসূচি ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করছে। এটি ব্যবসায়ের জন্য হুমকি। অতীতের লাগাতার হরতালে স্থবির হয়ে পড়া অর্থনীতির কথা এখনো আমাদের মনে পড়ে। হরতালের মত রাজনৈতিক কর্মসূচি আমাদের অর্থনীতিকে শ্লথ করে দেয়। এর ফলে আমাদের রফতানি বাজার অন্য দেশে চলে যাবে। যেকোন মূল্যে এ অবস্থা থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়ে বলা হয়, ‘বিশ্বস্তসূত্রে ব্যবসায়ী সমাজ জানতে পেরেছে যে, দেশে বিরাজমান অস্থিরতার কারণে উত্তর আমেরিকার তৈরি পোশাকের বিদেশি ক্রেতারা তাদের অর্ডারগুলো অন্যান্য দেশে সরিয়ে নিচ্ছে। কিছু ভোক্তা বাংলাদেশি পণ্যও বর্জন করছে।’
রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ দিয়ে বলা হয়, রাজনৈতিক মতানৈক্য থাকা সত্ত্বেও আর্থ- সামাজিক উন্নয়নের স্বার্থে গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত রাখার কোন বিকল্প নেই। গণতান্ত্রিক ধারাকে আরও শক্তিশালী করতে হবে। এ অবস্থায় সরকার ও বিরোধী দলের প্রতি আমাদের আবেদন, তারা যেন সংঘাতমূলক রাজনীতি পরিহার করে এবং আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান করে। আর এটাই আমাদের দেশের অর্থনীতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাবে।
বিবৃতিতে স্বাক্ষর করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশের (আইসিসি-বি) সভাপতি মাহবুবুর রহমান, ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সহ-সভাপতি নিহাদ কবির, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) মোর্শেদ মুরাদ ইব্রাহীম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি মো. ফজলুল হক ও ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ ইরশাদ আহমেদ।
