১৮ দলের অবরোধ চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুরে জামায়াত নেতা ওয়ারেজ আলী নিহতের প্রতিবাদে জেলা জামায়াতের ডাকে সোমবার সিরাজগঞ্জে অর্ধদিবস এবং বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক সাবেক ভূমি উপমন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেফতারের প্রতিবাদে নাটোরে সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। নাটোর জেলা বিএনপি এই হরতাল আহ্বান করে।
সিরাজগঞ্জে হরতাল চলাকালে রিকশা ভ্যান চলাচল করলেও শহরের অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ। বঙ্গবন্ধু যমুনা সেতু হয়ে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। তবে সিরাজগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোন বাস ছাড়েনি। সকালে জামায়াত কর্মীরা শহরের কয়েকটি স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে দেয়। তবে জেলায় কোথাও মিছিল বের হয়নি।
এদিকে সকালে ঢাকাগামী কয়েকটি যাত্রীবাহী কোচ পুলিশ প্রহরায় নাটোরের ওপর দিয়ে গেলেও পরে আর কোন যানবাহন চলেনি। তবে শহরে রিক্সা চলেছে। দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক বন্ধ ছিল। অফিস আদালতে লোকজনের উপস্থিতি ছিল কম। উল্লেখ্য, শনিবার রাতে রুহুল কুদ্দুস দুলুর বাড়ির সামনে বিএনপি-যুবলীগ কর্মীদের মধ্যে বন্দুক যুদ্ধে নাটোর শহর যুবলীগের যুগ্ম সম্পাদক পলাশ সাহা গুলিবিদ্ধ হন। ঐ রাতেই পুলিশ দুলুকে গ্রেফতার করে।
