আফগানিস্তানে প্রাদেশিক পুলিশ প্রধান নিহত

আপডেট : ১০ ডিসেম্বর ২০১২, ২২:৪১
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের পুলিশ প্রধান জেনারেল মোহাম্মদ মুসা রাসুলি গতকাল সোমবার বোমা হামলায় নিহত হয়েছেন। তালেবান অধ্যুষিত হেরাত প্রদেশের পার্শ্ববর্তী নিমরোজ প্রদেশে এ ঘটনা ঘটে। একইদিন লেঘমান প্রদেশের এক নারী কর্মকর্তা বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। খবর বিবিসি’র। পুলিশ জানায়, গাড়ি চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে বোমা হামলায় নিহত হন পুলিশ কর্মকর্তা রাসুলি। তার গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এখন পর্যন্ত কোনো সংগঠন হামলার দায়-দায়িত্ব স্বীকার করেনি। অন্যদিকে লেঘমান প্রদেশের মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা নাদিয়া সিদ্দিকি গতকাল সকালে একটি রিকশায় করে অফিসে যাচ্ছিলেন। পথে দুইজন অপরিচিত লোক তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গত জুলাইয়ে প্রদেশটির নারী বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা হানিফা সাফি বোমা হামলায় নিহত হন। এরপর একই পদে দায়িত্ব গ্রহণ করেন নাদিয়া সিদ্দিকি।