চাকরি জাতীয়করণের দাবি

১০ জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের ঘোষণা শিক্ষকদের

আপডেট : ১০ ডিসেম্বর ২০১২, ২২:৪৩
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীরা। সরকার এই সময়ের মধ্যে দাবি মেনে না নিলে ১০ জানুয়ারি থেকে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার ধর্মঘট কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন তারা। গতকাল সোমবার চাকরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ‘শিক্ষক কর্মচারী ঐক্য জোট’। পরে একটি মিছিল নিয়ে শিক্ষাভবন ঘেরাও করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। মিছিলটি পল্টন মোড় ঘুরে আবারো প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করে। এ সময় শিক্ষকরা বলেন, দেশের সুনাগরিক গড়ার দায়িত্ব যাদের হাতে, তাদের অধিকার দেয়া হচ্ছে না, বরং আইন করে তাদের প্রতি অবিচার করা হচ্ছে। মানববন্ধনে সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভুঁইয়া বলেন, শিক্ষা অধিদপ্তর দুর্নীতির আখড়া। দুর্নীতিতে চ্যাম্পিয়ন ব্যক্তিরা শিক্ষা অধিদপ্তরের শীর্ষ পদে বসে আছেন। শিক্ষক হয়রানি অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে। বেসরকারি শিক্ষকরা আজ অসহায়। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে। এখন চাকরি জাতীয়করণ ছাড়া আমাদের কোন দাবি নেই। যারা শিক্ষানীতি বাস্তবায়নের কথা বলেন তারা শিক্ষক আন্দোলনের পিছনে ছুরিকাঘাত করছেন। তাদের দিকে সতর্ক দৃষ্টি রাখুন। সমাবেশে মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, ড. মাহবুবুর রহমান মোল্লা, এম. এ. ছফা চৌধুরী, মোঃ জাকির হোসেন, বাবু অজিত কুমার সরকার, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক তফাজ্জল হোসেন বাদল, অধ্যাপক রোকেয়া চৌধুরী, সাহাদাত্ হোসেন, মোল্লা নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।