কুমিল্লায় প্রবাসী শহিদ হত্যার আসামি চাটখিলে গ্রেফতার

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১৮:৩৫

কুমিল্লায় চাঞ্চল্যকর প্রবাসী শহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি মাহবুব আলমকে (৫০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার বিকালে গ্রেফতারকৃত মাহবুব ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হকের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। গ্রেফতারকৃত মাহবুব জেলার আদর্শ সদর উপজেলার জোড়ামেহের গ্রামের মৃত কমর আলীর ছেলে।

জানা যায়, পূর্ব শক্রতার জের ধরে জোড়ামেহের গ্রামের প্রবাস ফেরত শহিদুল ইসলামকে চলতি বছরের গত ১৮ সেপ্টেম্বর রাতে মাহবুব ও তার ছেলে সুমনসহ অন্যরা পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর দিন নিহতের মেয়ে উম্মে সালমা নার্গিস বাদী হয়ে সুমনসহ ৮ জনকে আসামি করে কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করে। মামলাটি তদন্তের জন্য গত সপ্তাহে ডিবিতে হস্তান্তর হয়। 

ডিবি জানায়, শহিদুল ইসলামের সঙ্গে মাহবুবের পরিবারের ব্যক্তিগত বিরোধ ছিল। এর জের ধরে শহিদুল ইসলাম হত্যার ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের পর মাহবুব আলম নোয়াখালীর চাটখিলে তার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করেছিল। রবিবার রাত সাড়ে ১১টার দিকে মামলার অন্যতম আসামি মাহবুবকে গ্রেফতার করা হয়। এর আগে গত শুক্রবার গ্রেফতার করা হয়েছিল মাহবুবের ছেলে সুমনকে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই সহিদুল ইসলাম পিপিএম জানান, সোমবার বিকালে গ্রেফতারকৃত মাহবুব ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারসহ হত্যাকাণ্ডের কারণ এবং হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া, অপর আসামিদের নাম প্রকাশ করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হকের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।   

ইত্তেফাক/নূহু