নারী শিক্ষার জন্য ইউনেস্কোকে ১ কোটি ডলার দেয়ার অঙ্গীকার করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। তালেবান হামলাকারীদের গুলিতে আহত পাকিস্তানি অধিকারকর্মী ও স্কুল শিক্ষার্থী মালালা ইউসুফজাইয়ের স্বপ্ন সফল করার উদ্দেশে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থাকে (ইউনেস্কো) তিনি এই অর্থ দেবেন বলে সোমবার অঙ্গীকার করেছেন। প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে ‘মালালার জন্য’ শিরোনামে এক প্রচারণামূলক অনুষ্ঠানে উপস্থিত জারদারি বলেন, গত শনিবার যুক্তরাজ্যে চিকিত্সাধীন মালালার সঙ্গে সাক্ষাত্ করে গভীরভাবে আবেগাপ্লুত হন তিনি। তিনি বলেন, ‘সবাইকে স্কুলে পাঠানোর সিদ্ধান্ত, বিশেষ করে লাখ লাখ মেয়ে শিশুকে স্কুলে পাঠানোই সহিংসতা মোকাবেলার জন্য সর্বোত্তম পন্থা, এ নিয়ে কোনো সন্দেহ নেই আমার।’
গত অক্টোবরে মালালা ইউসুফজাইয়ের ওপর হামলার পর বিশ্বজুড়ে মালালার পক্ষে জনমত গড়ে ওঠে। তালেবান নিয়ন্ত্রিত পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের সোয়াত উপত্যকা এলাকায় মেয়ে শিশুদের শিক্ষার দাবিতে লেখালেখি করায় মালালার ওপর হামলা চালানো হয়। গুলিবিদ্ধ গুরুতর অবস্থায় তাকে প্রথমে পাকিস্তানেই চিকিত্সা দেয়ার পর উন্নত চিকিত্সার জন্য যুক্তরাজ্যের বার্মিংহাম হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিত্সকরা জানি-য়েছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মালালা।
