চীনের অর্থনীতি যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে দু’দশকেরও কম সময়ে। আর উত্তর আমেরিকা এবং ইউরোপের সম্মিলিত বিশ্বশক্তিকে ২০৩০ সাল নাগাদ ছাড়িয়ে যাবে এশিয়ার অর্থনীতি। এমনই পূর্বাভাস দেয়া হয়েছে সোমবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের ‘গ্লোবাল ট্রেন্ডস ২০৩০: অল্টারনেটিভ ওয়ার্ল্ডস’ শীর্ষক একটি গোয়েন্দা প্রতিবেদনে। এতে বলা হয়, বর্তমানে ইউরোপ, জাপান এবং রাশিয়ায় অর্থনীতির যে নিম্নগতি দেখা যাচ্ছে তা অব্যাহত থাকবে। আর ঐতিহ্যগতভাবে পশ্চিমাদের অর্থনৈতিক উন্নয়নের ধারার বদলে এ উন্নয়নের ধারা আগামী দিনগুলোতে আরো বেশি দেখা যাবে উন্নয়নশীল বিশ্বে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তির দেশ চীন এ ধারায় ভারতের চেয়ে এগিয়ে থাকবে। তবে ২০৩০ সাল নাগাদ দু’দেশে উন্নয়নের ধারায় এ ব্যবধান কমে আসতে শুরু করবে বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা।
আজ চীন অর্থনৈতিক দিক থেকে এগিয়ে থাকলেও ২০৩০ সালে ভারতই এদিক থেকে শক্তিশালী হয়ে উঠবে। ওই সময় নাগাদ চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি শ্লথ হয়ে পড়তে পাড়ে; বাড়তে শুরু করতে পারে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি। তাছাড়া, আগামী ১৫-২০ বছরে উন্নয়নশীল বিশ্বে প্রযুক্তির যুগান্তকারী প্রসার ঘটারও সম্ভাবনা রয়েছে। এ প্রযুক্তির কল্যাণে নতুন ক্ষমতা করায়ত্ত করে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে উন্নয়নশীল বিশ্বের দেশগুলো।
