টোকিওর হানেদা বিমানবন্দর থেকে ছেড়ে আসা অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) একটি বিমান জাপানের উত্তরাঞ্চলীয় একটি বিমান বন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে। রবিবার এএনএ এক বিবৃতিতে জানায়, শনিবার রাতের এই ঘটনায় বোয়িং ৭৩৭-৮০০ বিমানটির কোন ক্ষতি হয়নি এবং এর কোন আরোহী আহত হয়নি। বিমানটিতে ১৬১ জন যাত্রী ও ৬ ক্রু ছিল। জাপানের পরিবহন মন্ত্রণালয় একে একটি গুরুতর ঘটনা হিসেবে উল্লেখ করে জানিয়েছে, এর ফলে একটি বিপর্যয় ঘটতে পারতো। মন্ত্রণালয় ঘটনাটি তদন্তে ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তাদের পাঠিয়েছে। এর আগের এক খবরে জানা যায়, বিমানটির স্বয়ংক্রিয় ব্রেকিং সিস্টেম কাজ করেনি। তবে এএনএ’র এক মুখপাত্র খবরটি অস্বীকার করেন। তিনি বলেন, ‘বিমানটির সকল সিস্টেম স্বাভাবিকভাবে কাজ করেছিল।’ বিমানটির চালক স্বাভাবিকভাবেই বিমানটি অবতরণ করাতে চাচ্ছিলেন। তবে বিমানটি শোনাই বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং ঘাস আবৃত এলাকায় বেশ কিছু দূর যাওয়ার পর থেমে যায়।
