হিলারির সফর পিছালো
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তার পাকস্থলীতে ভাইরাস সংক্রমণের কারণে মরক্কো সফর একদিন পিছিয়েছেন। হিলারির কার্যালয় থেকে রবিবার বলা হয়েছিল,অসুস্থতার কারণে তিনি সোমবারের পরিবর্তে মঙ্গলবার মরক্কো সফর করবেন বলে জানিয়েছেন। তবে হিলারির শারীরিক অবস্থার সঠিক তথ্য জানা যায়নি।- এএফপি
বাইপাস সার্জারিতে উটপাখি
জাপানের চিকিত্সাবিজ্ঞানীরা উটপাখির রক্তনালী দিয়ে শূকরের দেহে কার্যকর বাইপাস সার্জারি করতে পেরেছেন। একই পদ্ধতিতে হূদরোগে আক্রান্ত ব্যক্তির দেহে সহজেই রক্তনালী প্রতিস্থাপন করা যাবে বলে মনে করছেন তারা। উটপাখির লম্বা গলা থেকে রক্তনালী সংগ্রহ করে তা দিয়ে অনায়াসে ১২ ইঞ্চি দীর্ঘ এবং ০.০৮ ইঞ্চি ব্যাসার্ধের রক্ত চলাচল উপযোগী কৃত্রিম পথ তৈরি করা যায়।- বিবিসি
নতুন জগতের সন্ধান
সৌরজগতের প্রান্তসীমায় পৌঁছেছে মহাকাশযান ‘ভয়েজার ওয়ান’। মহাবিশ্বের রহস্য উদঘাটনে ৩৫ বছর আগে উেক্ষপণ করা নাসার এ মহাকাশযানটি অবশেষে বিজ্ঞানীদের সামনে এক নতুন দুয়ার উন্মোচন করতে যাচ্ছে। পৃথিবী থেকে এক হাজার একশ’ কোটি মাইল দূরে সৌরজগতের বাইরে নতুন এক স্তরের সন্ধান পেয়েছে ভয়েজার ওয়ান। - এএফপি
১২০ কোটি ইউরোর সাবমেরিন
ব্রিটিশ নৌবাহিনীর জন্য ১২০ কোটি ইউরো ব্যয়ে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির চুক্তি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির রাজকীয় নৌবাহিনী এসব সাবমেরিনকে তাদের নৌ-বহরের সর্বশেষ উন্নত সংযোজন হিসেবে উল্লেখ করলেও সামপ্রতিক সময়ে বিভিন্ন সমুদ্রাভিযানে এসবের ব্যবহার নিয়ে যথেষ্ট প্রশ্ন দেখা দিয়েছে। - এএফপি
ফুটপাতে চা পান রাহুলের
রাজ্য কংগ্রেসের অনুষ্ঠানে সোমবার দু’ঘণ্টার জন্য ইম্ফল গিয়েছিলেন রাহুল গান্ধি। জেড প্লাস নিরাপত্তার ব্যবস্থা থাকলেও তিনি সব বেষ্টনী টপকে বসে পড়লেন রাস্তার ধারের চায়ের দোকানে। বাবার মতই তিনি মিশে গেলেন সাধারণ মানুষের সঙ্গে। সঙ্গীদের নিয়ে খেলেন ফুটপাতের চা ও পাকুড়া।-আনন্দবাজার পত্রিকা
শান্তির জন্য গান
গাজায় হামলার বিরুদ্ধে বিশ্ববাসী যখন রাস্তায় নামছে, তখন রাশিয়াকে সঙ্গে নিয়ে সঙ্গীতের মাধ্যমে শান্তির বার্তা দিতে চাইছে ইসরাইল। সেই সূত্রেই ইসরাইল ও রুশ দূতাবাসের উদ্যোগে ইসরাইলের বিখ্যাত ফিলহারমনিক অর্কেস্ট্রা ‘রিখটার স্ট্রিং কোয়ার্টেট’ ঘুরে এখন অবস্থান করছে ভারতে। শনিবার কলকাতার পর রবিবার দিল্লিতেও সঙ্গীত পরিবেশন করে এই দলটি। - বিবিসি
