বিনোদন রিপোর্ট
অনেকদিন ধরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে রয়েছেন দেশের বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দী। উন্নত চিকিত্সার জন্য তাঁকে সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত হয়েছে কয়েকদিন আগে। সকল প্রস্তুতি শেষ করে আজ তাঁকে নিয়ে যাওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে আজ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। গত ১৪ এপ্রিল থেকে সিএমএইচ-এর চিকিত্সক ব্রিগেডিয়ার তৌফিকের তত্ত্বাবধানে রয়েছেন সুবীর নন্দী।
পহেলা বৈশাখ রাতে সিলেট থেকে ঢাকায় ফেরার পথে ট্রেনে হঠাত্ অসুস্থ হয়ে পড়েন একুশে পদক পাওয়া এই সঙ্গীতশিল্পী। রাতেই তাঁকে রাজধানীর সিএমএইচে নেওয়া হয়। হাসপাতালটির জরুরি বিভাগে থাকতেই হার্ট অ্যাটাক করেন এই নন্দিত শিল্পী। এরপর তাঁকে দ্রুত লাইফ সাপোর্ট দেওয়া হয়। এখনো তিনি লাইফ সাপোর্টেই আছেন। দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন সুবীর নন্দী।
