‘সিনেবাজ ফিল্মস’-এর যাত্রা শুরু

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ২১:০৪

বিনোদন রিপোর্ট

 

বাংলা চলচ্চিত্র বর্তমানে একটি সঙ্কটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। এরইমধ্যে দেশের অনেক নামী চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় ভালোমানের ছবি দর্শকদের উপহার দিতে সিনেমা ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেছে ‘সিনেবাজ ফিল্মস’ শিরোনামে নতুন একটি প্রযোজনা প্রতিষ্ঠান। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হয়ে গেল এর উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠানের শুরুতেই দর্শকপ্রিয় নির্মাতা ও সিনেবাজ ফিল্মস-এর ক্রিয়েটিভ ডিরেক্টর ইফতেখার চৌধুরী নতুন এই প্রযোজনা প্রতিষ্ঠানটিকে সকলের সাথে পরিচয় করিয়ে দেন। চিত্রনায়ক ফারুক তার বক্তব্যে বলেন, ‘আপনারা ছবি বানান আমি সবসময় আপনাদের সঙ্গে আছি। কারণ সিনেমা হচ্ছে পৃথিবীর অন্যতম শক্তিশালী মাধ্যম। এই প্রতিষ্ঠানের জন্য শুভকামনা জানাচ্ছি।’ এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘পিকনিক’, ‘বিফোর ডন’সহ বেশকিছু নতুন ছবির কাজ শুরু করা হবে।